নাটকের শেষ! এশিয়া কাপ থেকে সরে দাঁড়াচ্ছে না পাকিস্তান, কিন্তু কেন? নেপথ্যের আসল কারণ ফাঁস

লাগাতার নাটকীয়তার পর অবশেষে এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করার হুমকি থেকে সরে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ খেলতে রাজি হয়েছে তারা। জানা গেছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে একটি সমঝোতা হয়েছে। এর ফলস্বরূপ, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহির ম্যাচে ম্যাচ কমিশনার পরিবর্তন করা হয়েছে। অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে তার বদলে দায়িত্ব দেওয়া হয়েছে রিচি রিচার্ডসনকে।

কেন এই নাটক?

বিতর্কের সূত্রপাত হয়েছিল এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে। সেই ম্যাচে দুই দলের খেলোয়াড়রা নিজেদের মধ্যে হাত মেলায়নি। টসের সময়ও দুই দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং সলমন আলি আঘা করমর্দন করেননি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের অভিযোগ ছিল, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটই তাদের অধিনায়ককে হাত না মেলানোর নির্দেশ দিয়েছিলেন। পিসিবি আইসিসির কাছে পাইক্রফটকে নির্বাসনের দাবি জানায়, কিন্তু আইসিসি সেই আবেদন সরাসরি খারিজ করে দেয়। এর প্রতিক্রিয়ায় পিসিবি এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার হুমকি দেয়।

তবে শোনা যাচ্ছে, এর পেছনে রয়েছে আর্থিক চাপ। পাকিস্তান যদি এশিয়া কাপ থেকে সরে যেত, তবে তাদের প্রায় ১৬ মিলিয়ন মার্কিন ডলারের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতো। বোর্ডের বর্তমান আর্থিক পরিস্থিতিতে এই ধাক্কা সামলানো সম্ভব নয়। এই পরিস্থিতিতেই আইসিসির সঙ্গে সমঝোতায় পৌঁছায় পিসিবি।

দুই দলের অনুশীলন, কিন্তু নীরবতা

এই ঘটনার পর মঙ্গলবার অনুশীলন সেশন হওয়ার কথা থাকলেও পিসিবির পক্ষ থেকে তা বাতিল করা হয়। তবে পরে ভারতীয় দলের অনুশীলনের সময়ই মাঠে আসে পাকিস্তান দল। দু’দল একই সময়ে অনুশীলন করলেও কোনো ধরনের বাক্য বিনিময় বা বন্ধুত্বপূর্ণ আচরণ দেখা যায়নি।