ধর্ষণকাণ্ডে নাম জড়াল প্রাক্তন মন্ত্রীর ছেলের! কেন এমন বিস্ফোরক অভিযোগ? মুখ খুললেন বিধায়ক

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া হাসপাতালে ধর্ষণের ঘটনায় এবার এক নতুন বিতর্ক দানা বেঁধেছে। অভিযোগ উঠেছে, এই ধর্ষণের মূল অভিযুক্ত শেখ জাহির আব্বাস খানের সঙ্গে রাজ্যের প্রাক্তন জলসম্পদ উন্নয়নমন্ত্রী সৌমেন মহাপাত্রের ছেলে, চিকিৎসক বোধিসত্ত্ব মহাপাত্রের, ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আর এই প্রভাব খাটিয়েই নাকি জাহির হাসপাতালে দাপট দেখাতো।

এই প্রসঙ্গে বিধায়ক সৌমেন মহাপাত্র সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমার ছেলে ব্লক স্বাস্থ্য আধিকারিক ছিল। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। সুতরাং, জাহিরের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক থাকার প্রশ্নই ওঠে না।”

কী ঘটেছিল পাঁশকুড়া হাসপাতালে?

গত ১৫ সেপ্টেম্বর তমলুক থানার এক তরুণী অভিযোগ করেন, তিনি হাসপাতালের একজন ওয়ার্ড গার্ল হিসাবে কাজ করতেন। তার অভিযোগ, ওই বেসরকারি কোম্পানির ফ্যাসিলিটি ম্যানেজার শেখ জাহির আব্বাস খান তাকে একাধিকবার ধর্ষণ করেছে। কাজ থেকে বরখাস্ত করার ভয় দেখিয়ে এবং কাউকে কিছু না জানানোর হুমকি দিয়ে জাহির এই অপরাধ করেছে বলে অভিযোগ। দীর্ঘকাল বিষয়টি গোপন রাখা হলেও, সোমবার নির্যাতিতা পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এই ঘটনা সামনে আসার পর স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই জাতীয় মহিলা কমিশনের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে যাওয়ার কথা ঘোষণা করেছে। কমিশনের সদস্য অর্চনা মজুমদার বলেন, “নির্যাতিতা আমাদের কাছে অভিযোগ করেছেন। চলতি সপ্তাহেই আমরা পাঁশকুড়া যাচ্ছি, মহালয়ার আগেই।”