নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বড় ঘোষণা! এবার থেকে খাস রাজ্যেই মিলবে সিএএ-র শংসাপত্র

সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ-র (CAA) অধীনে এবার খাস রাজ্য থেকেই মিলবে নাগরিকত্বের শংসাপত্র। শংসাপত্র প্রদান এবং শুনানির সম্পূর্ণ অধিকার কেন্দ্রীয় সরকার এবার সরাসরি রাজ্য সরকারের হাতে তুলে দিয়েছে। সোমবার নবান্নে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক করে এই বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে সরকারি সম্পত্তি নষ্ট রোধ করতে এবং আইনশৃঙ্খলা কঠোরভাবে বজায় রাখতে রাজ্যে নতুন করে গুন্ডাদমন আইনের একটি অংশ কার্যকর করার কথাও ঘোষণা করেছেন তিনি।

শরণার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান

দীর্ঘদিন ধরেই নাগরিকত্বের আশায় প্রহর গুনছিলেন এ রাজ্যের মতুয়া সম্প্রদায় এবং হিন্দু শরণার্থীদের একটি বড় অংশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নতুন গেজেট বিজ্ঞপ্তির ফলেই এই দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ঐতিহাসিক ও যুগান্তকারী সিদ্ধান্তের জন্য তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহকে বিশেষ ধন্যবাদ জানান। জেলাশাসকদের মাধ্যমে খুব দ্রুত এই শংসাপত্র বিতরণের কাজ সম্পূর্ণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

এদিন সরাসরি মতুয়া ও হিন্দু শরণার্থীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “এই অধিকার রাজ্য সরকার এখন আমার কাছ থেকে বুঝে নেবেন আপনারা। বিশেষ করে আমাদের হিন্দু শরণার্থী, মতুয়া যারা দীর্ঘদিন ধরে আশায় ছিলেন… এই দায়িত্বভার ভারত সরকার আমার হাতেই দিয়ে দিয়েছে।”

কড়া হাতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের হুংকার

সিএএ-র পাশাপাশি এদিনের সাংবাদিক বৈঠকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অত্যন্ত কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ‘ওয়েস্ট বেঙ্গল মেন্টেন্যান্স অফ পাবলিক অর্ডার রুলস ২০১৮’-এর সংশোধনী কার্যকর করা হয়েছে। রাজ্যপালের স্বাক্ষরের পর স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের তরফে ইতিমধ্যেই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখন থেকে সরকারি সম্পত্তি ভাঙচুর বা পুলিশের ওপর হামলা হলে প্রশাসন আরও কঠোর পদক্ষেপ নেবে এবং অভিযুক্তদের কাছ থেকে তিনগুণ পর্যন্ত ক্ষতিপূরণ আদায় করা হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন তিনি।