প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা’কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে—এই অভিযোগ তুলে ভোটমুখী বিহারের রাজনীতি এখন তুঙ্গে। রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রার মঞ্চ থেকে এমন মন্তব্য করা হয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে। এই পরিস্থিতিতে বিহারের ইন্ডি-জোটের অন্যতম মুখ তেজস্বী যাদব সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন।
তেজস্বী যাদবের মন্তব্য
বুধবার সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তেজস্বী যাদব বলেন, “কারো মায়ের নামেই কু-মন্তব্য করা উচিত নয়।” তিনি আরও বলেন, বিজেপি এই ধরনের মন্তব্যকে রাজনৈতিক হাতিয়ার বানাচ্ছে, যখন তাদের নিজেদের নেতারাই অতীতে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।
তেজস্বী অভিযোগ করেন, “আমরা এটিকে সমর্থন করি না। কিন্তু প্রধানমন্ত্রী নিজেই সোনিয়া গান্ধীর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিলেন। এবং নীতীশ কুমারের ডিএনএ (DNA) নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সংসদে বিজেপি এমএলএ-রা আমার মা-বোনদের সম্পর্কে অশ্লীল মন্তব্য করেছেন। লাইভ ক্যামেরায় এসে বিজেপির মুখপাত্র মহিলাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন।”
তিনি আরও বলেন, “বিহারের মানুষ সব জানেন। এতদিন ধরে প্রধানমন্ত্রী দেশের বাইরে হাসছিলেন, আর ফিরে এসেই এখন কান্নাকাটি শুরু করে দিলেন!”
নরেন্দ্র মোদীর আবেগপূর্ণ প্রতিক্রিয়া
অন্যদিকে, এই ঘটনার পর প্রথমবার প্রকাশ্যে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার বিহারের সমবায় সমিতির অনুষ্ঠানে ‘ভার্চুয়ালি’ উপস্থিত হয়ে মায়ের অপমানের জবাব দিতে গিয়ে তার গলা বুজে আসে এবং তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। প্রায় ২০ লক্ষ মহিলার উপস্থিতিতে তিনি বলেন, বিহারের নারী শক্তি কোনোদিন এই অপমান মেনে নেবে না। এই ঘটনাটি বর্তমানে বিহারের রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে।