নয়ডার শ্রমিক আন্দোলন ঘিরে উত্তপ্ত উত্তরপ্রদেশ। আর এই ঘটনার পেছনে সরাসরি ‘পাকিস্তানের মদতপুষ্ট’ ষড়যন্ত্রের ইঙ্গিত দিলেন রাজ্যের শ্রমমন্ত্রী অনিল রাজভর। সোমবার শ্রমিকের বেতন বৃদ্ধির দাবিতে শুরু হওয়া আন্দোলন রণক্ষেত্রের চেহারা নিলে মন্ত্রী দাবি করেন, রাজ্যে অস্থিরতা তৈরি করতে এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কর্মসূচি বানচাল করতেই এই সুপরিকল্পিত হিংসা ছড়ানো হয়েছে। ইতিমধ্যেই ৩৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মন্ত্রীর বিস্ফোরক দাবির সপক্ষে যুক্তি হিসেবে মিরাট ও নয়ডা থেকে গ্রেফতার হওয়া চার সন্দেহভাজন জঙ্গির কথা উল্লেখ করা হয়েছে। প্রশাসনের দাবি, প্রায় ৪৫ হাজার শ্রমিক রাস্তায় নামলে তাঁদের মধ্যে মিশে গিয়ে বহিরাগত কিছু দেশবিরোধী শক্তি অশান্তি উসকে দিয়েছে। পুলিশ কমিশনার লক্ষ্মী সিং জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস এবং আধাসামরিক বাহিনী মোতায়েন করতে হয়েছে।
হরিয়ানার ধাঁচে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা পথে নামলেও প্রশাসন জানিয়েছে, তাঁদের ৫টি দাবির মধ্যে ৪টিই মেনে নেওয়া হয়েছে। বাকি সমস্যার জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তবে আন্দোলনের নামে ভাঙচুর ও অগ্নিসংযোগকে কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিয়েছে যোগী সরকার।





