বুথেই কড়া নজরদারি! ২৯ এপ্রিল উত্তর কলকাতায় ভোটের আগে রণসজ্জা নির্বাচন কমিশনের

আগামী ২৯ এপ্রিল তিলোত্তমার ভাগ্য নির্ধারণ। কলকাতা উত্তর এলাকায় বিধানসভা নির্বাচন যাতে অবাধ ও শান্তিপূর্ণ হয়, তার জন্য কড়া নিরাপত্তা বলয় তৈরি করছে নির্বাচন কমিশন। মঙ্গলবার এক যৌথ সাংবাদিক বৈঠকে কলকাতা উত্তরের ডিইও স্মিতা পান্ডে, কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক মনোজ কুমার শহরের সার্বিক সুরক্ষা ব্যবস্থার ব্লু-প্রিন্ট তুলে ধরেন।

কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, কলকাতা উত্তরের সাতটি বিধানসভা কেন্দ্রে (জোড়াসাঁকো, চৌরঙ্গি, শ্যামপুকুর, এন্টালি, কাশীপুর-বেলগাছিয়া, বেলেঘাটা ও মানিকতলা) মোট ১৮৩৫টি বুথ রয়েছে। এর মধ্যে প্রায় ৪৮ শতাংশ বুথকেই ‘স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্দিষ্টভাবে ৮৩৭টি বুথ স্পর্শকাতর এবং ২৬৪টি বুথকে ‘অতি স্পর্শকাতর’ তালিকায় রাখা হয়েছে। বিশেষ করে শ্যামপুকুরে সর্বাধিক ৮০টি এবং চৌরঙ্গিতে ৬০টি অতি স্পর্শকাতর বুথ নিয়ে চিন্তায় প্রশাসন।

১০ লক্ষ ৭১ হাজার ৮১০ জন ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে গোটা কলকাতায় মোতায়েন করা হচ্ছে ৯৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে শুধুমাত্র কলকাতা উত্তরের জন্যই বরাদ্দ থাকছে ৪০ কোম্পানি বাহিনী। পুলিশ কমিশনার অজয় নন্দ জানান, অশান্তি রুখতে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে। সব মিলিয়ে উৎসবের মেজাজে ভোটাররা যাতে নির্ভয়ে বুথে আসতে পারেন, সেই প্রতিশ্রুতিই দিচ্ছে প্রশাসন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy