নবাবের শহর থেকে চোখধাঁধানো ঝলক! কান্দির মনোহরপুরে বিশাল উচ্চতার ‘কদম বাজি’ দেখতে জনসমুদ্র

লক্ষ্মীপুজো উপলক্ষে প্রতি বছরের মতো এই বছরও মুর্শিদাবাদ জেলার কান্দির পাশেই অবস্থিত মনোহরপুর গ্রামে আয়োজন করা হলো চোখধাঁধানো আতশবাজি প্রদর্শনীর। এই গ্রামে দুর্গাপুজো হয় না, প্রধান উৎসবই হলো লক্ষ্মীপুজো। দীর্ঘ বছর ধরে কোভিড পরিস্থিতি ও বৃষ্টির কারণে এই প্রদর্শনী বন্ধ থাকলেও, গত বছর থেকে ফের তা শুরু হয়।
বুধবার রাতে অনুষ্ঠিত এই প্রদর্শনী দেখতে বহু সাধারণ মানুষের পাশাপাশি হাজার হাজার মানুষের ঢল নামে। লক্ষ্মীপুজো কমিটির পরিচালনায় কয়েক লক্ষ টাকা বাজেটের এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।
বিশেষ আকর্ষণ: কদম ও চড়কি বাজি
এই প্রদর্শনীতে বিভিন্ন রকমারি আতশবাজি দেখানো হয়, যা দেখতে আসা দর্শকদের তাক লাগিয়ে দেয়। বাজিগুলির মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে বিশাল উচ্চতার কদম গাছের বাজি ও চড়কি আতশবাজি। এছাড়াও বিভিন্ন রঙবেরঙের তুবড়ি বাজির প্রদর্শনীর ফলে রাতের আকাশ ঝলমলে হয়ে ওঠে।
রাজ্য সড়কে মেলা, কড়া নিরাপত্তা পুলিশের
বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষ আতশবাজি প্রদর্শনী দেখার জন্য ভিড় জমানোর কারণে বহরমপুর-সাঁইথিয়া রাজ্য সড়কের রাস্তার দু’ধারে এক রাতের জন্য বিশাল মেলাও বসে যায়। এই ভিড় সামাল দিতে এবং কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কান্দি থানার পুলিশ প্রশাসন তৎপর ছিল।
পুলিশ প্রশাসন সমস্ত রকম সাবধানতা অবলম্বন করে বহরমপুর-সাঁইথিয়া রাজ্য সড়কের উপর পুলিশ মোতায়েন করে ট্র্যাফিক নিয়ন্ত্রণ করে। পুলিশের সতর্ক ভূমিকার ফলে উৎসবের রাতে কোনো বড় ধরনের সমস্যা তৈরি হয়নি।