কাঁশি রামকে নিয়ে কাড়াকাড়ি! ভোটব্যাঙ্কের লোভে বিজেপি, এসপি, কংগ্রেসের ভিড়! নীরবতা ভাঙলেন মায়াবতী

আধুনিক ভারতে দলিত স্বার্থে আন্দোলনের অন্যতম উজ্জ্বল মুখ বহুজন সমাজ পার্টির (BSP) প্রতিষ্ঠাতা কাঁশি রামের আজ উনিশতম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে লখনউয়ের রাজনীতিতে শুরু হয়েছে তীব্র জল্পনা ও বিতর্ক।

বিএসপি সুপ্রিমো মায়াবতী বহুদিন ধরে শারীরিক কারণে মাঠ-ময়দানের রাজনীতি থেকে দূরে থাকলেও, প্রায় এক যুগ পর বৃহস্পতিবার লখনউয়ের কাঁশি রাম মেমোরিয়াল ময়দানে দলীয় সভায় ভাষণ দেবেন। তিনি ঘোষণা করেছেন, এই অনুষ্ঠান যেকোনো নির্বাচনী সমাবেশের থেকেও বড় আকার নেবে।

ভোটের স্বার্থে ‘মনুবাদী’ দলগুলির ঝাঁপ
সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, কাঁশি রাম বন্দনায় এবার বিজেপি, সমাজবাদী পার্টি (SP) এবং কংগ্রেসের মতো প্রথম সারির দলগুলিও শামিল হয়েছে।

বিজেপি: শাসক দল বিজেপি গোটা রাজ্যে কাঁশি রাম বন্দনার আয়োজন করেছে। সম্প্রতি যোগী আদিত্যনাথ সরকার দ্রুত কাঁশি রাম স্মৃতি প্রাঙ্গণ মেরামতির কাজ সম্পন্ন করে, যা এতদিন সংস্কারের কারণে বন্ধ ছিল। রাজনৈতিক মহল মনে করছে, দীর্ঘদিন ধরে বন্ধ মেমোরিয়াল খুলে দিয়ে দলিত সম্প্রদায়কে আরও কাছে টানতে চাইছে বিজেপি।

সমাজবাদী পার্টি: এসপি নেতা অখিলেশ যাদব রাজ্যের সমস্ত দলীয় কার্যালয়ে দলিত নেতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার নির্দেশ দিয়েছেন। দু’বছর আগে রায়বেরলিতে কাঁশি রামের মূর্তি উন্মোচন করেছিলেন অখিলেশ।

কংগ্রেস: লখনউয়ে প্রদেশ কংগ্রেস অফিসেও আয়োজিত হয়েছে কাঁশি রাম স্মরণ সভা।

বিভিন্ন দলের নেতারা সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় প্রয়াত দলিত নেতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।

মায়াবতীর কড়া বার্তা: ‘এসব ভোটের স্বার্থে’
অন্য দলগুলির এই ‘কাঁশি রাম স্মরণ’ অনুষ্ঠানকে মোটেই ভালোভাবে দেখছেন না বিএসপি নেত্রী মায়াবতী। তিনি মনে করছেন, ভোটের স্বার্থে ‘মনুবাদী দলগুলি’ বিএসপির প্রতিষ্ঠাতার দলিত রাজনীতিতে গা ভাসাতে চাইছে। মায়াবতী এই বিষয়ে বিএসপির নেতা-কর্মী সমর্থকদের সতর্ক করে দিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মায়াবতী রাজনীতিতে নিষ্ক্রিয় থাকায় এবং বিএসপি-র ভোট ছয় শতাংশের নিচে নেমে যাওয়ায়, প্রধান দলগুলি ওই দলিত ভোটব্যাঙ্কে থাবা বসাতে সক্রিয় হয়েছে। বিগত নির্বাচনগুলিতে বিজেপি এই ব্যাপারে সবচেয়ে বেশি সফল হয়েছে।

দলিত ভোটব্যাঙ্কে ফাটল ও সপা-বিএসপির ইতিহাস
মুলায়ম সিং যাদবের পুত্র অখিলেশ যাদব বর্তমানে যাদব ভোটের ঘাটতি পূরণে বিএসপি-র দলিত ভোটকে কাছে টানতে চাইছেন। উল্লেখ্য, একসময় রাজনৈতিক বিরোধিতা থাকলেও, মুলায়ম ও কাঁশি রাম হাত মিলিয়ে ১৯৯৩ সালে উত্তরপ্রদেশে সরকার গঠন করেছিলেন। এমনকি ২০১৯ লোকসভা ভোটেও সপা ও বিএসপি জোট করেছিল।

তবে বর্তমানে বিএসপি-র দুর্বলতার সুযোগ নিতে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি ও সপা। দলের একাংশের অভিযোগ, একসময় মায়াবতী তাঁর রাজনৈতিক গুরু কাঁশি রামকে আড়ালে ঠেলে দেওয়ায় এবং নিজেকেই দলিত সমাজের মুখ তুলে ধরায় দলিত সমর্থন হারাতে হয়েছে। তাই অন্য দলগুলি কাঁশি রাম বন্দনায় মাতলে মায়াবতী অসন্তোষ গোপন করছেন না। বিএসপি নেত্রী তাই এখন তাঁর ভাইপো আকাশকে দলের সেকেন্ড-ইন-কমান্ড করে বড় ধরনের সাংগঠনিক পরিবর্তন এনেছেন, যাতে দলিত সমর্থন ধরে রাখা যায়।