নবরাত্রি মেলায় ভয়াবহ আতঙ্ক, চলন্ত নাগরদোলার দোলনা ভেঙে পড়ল, রায়সেনে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা

পুজো ও উৎসবের মরসুমে আনন্দের মেলায় ঘটল এক ভয়াবহ ঘটনা। মধ্যপ্রদেশের রায়সেন জেলার খান্ডেরা ধাম মন্দিরে চলা নবরাত্রি মেলায় একটি বিশাল নাগরদোলার দোলনা হঠাৎ মাঝপথে ভেঙে পড়ে যায়। বিকট শব্দ আর আর্তনাদে মুহূর্তে উৎসবের হুল্লোড় থেমে গিয়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে মেলাপ্রাঙ্গনে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতি বছরের মতোই নবরাত্রির মেলায় প্রচুর মানুষের সমাগম হয়েছিল, বিশেষ করে জয়রাইডগুলির আশেপাশে ছিল কচিকাঁচাদের ভিড়। সেখানেই হঠাৎ মড়মড়িয়ে ভেঙে পড়ে দোলনাটি।
ভাগ্যক্রমে রক্ষা পেলেন আরোহীরা
এত বড় দুর্ঘটনার পরেও সৌভাগ্যের বিষয়, কারও প্রাণহানি হয়নি। পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় নাগরদোলার সব আরোহীকেই নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। জানা গিয়েছে, এই দুর্ঘটনায় কেউ আহতও হননি।
দেবনগর থানার ইনচার্জ জানিয়েছেন, এই নাগরদোলাটি মোটর চালিত ছিল না, হাতে চালানো হত। একটি হুক ভেঙে যাওয়ার ফলেই এই বিপত্তি ঘটে। দুর্ঘটনা ঘটার পর দ্রুত দোলনাটিকে মেলাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
আতঙ্কের পর পরিস্থিতি স্বাভাবিক
একটি মন্দিরকে কেন্দ্র করে এই মেলা বসে। এখানে প্রতি বছর নবরাত্রির সময় হাজার হাজার ভক্ত ভিড় করেন। যদিও এই ঘটনার জেরে মেলায় সাময়িক আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়ায়, স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনার কিছুক্ষণ পরেই পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যায়।
তবে জয়রাইডকে কেন্দ্র করে দুর্ঘটনা এটিই প্রথম নয়। এর আগে মধ্যপ্রদেশের নরসিংহপুর জেলার বর্মণ মেলায় একই ধরনের দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটেছিল। রায়সেনে বড় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে প্রশাসন ও স্থানীয় মানুষ।