নগ্ন, মুণ্ডহীন দেহ উদ্ধার অভিজাত নয়ডায়! ড্রেন থেকে টুকরো করা মহিলার দেহ, তুমুল চাঞ্চল্য!

সাতসকালে ভয়াবহ এক দৃশ্য দেখল নয়ডার এক অভিজাত এলাকা। বৃহস্পতিবার সকালে সেক্টর ১০৮-এর নর্দমা থেকে এক অজ্ঞাতপরিচয় মহিলার মুণ্ডহীন এবং নগ্ন দেহ উদ্ধার হওয়ায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই মহিলাকে অত্যন্ত নৃশংসভাবে খুন করা হয়েছে। উদ্ধার হওয়া দেহটির মাথা এবং দুটি হাত কেটে ফেলা হয়েছে, যা খুনের ভয়াবহতা প্রমাণ করে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে ড্রেনে ভাসতে থাকা দেহটি দেখতে পান। তাঁদের খবর পেয়ে সেক্টর ৩৯ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টের পরই খুনের আসল তথ্য ও সময়কাল প্রকাশ্যে আসবে।
পুলিশের প্রাথমিক অনুমান, অন্যত্র মহিলাকে খুন করে দেহ টুকরো টুকরো করে এখানে ফেলা হয়েছে। দেহটি কোথা থেকে আনা হয়েছে বা এই নৃশংস খুনের কারণ কী, সে বিষয়ে এখনও কোনো সূত্র মেলেনি। নয়ডা পুলিশের এক সিনিয়র অফিসার জানান, “৬ নভেম্বর সকালে সেক্টর ৮২-এর কাছে নর্দমায় এক অজ্ঞাতপরিচয় মহিলার দেহ ভাসতে দেখা যায়। খবর পেয়েই স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। পরিচয় জানার চেষ্টা চলছে এবং অন্যান্য আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
ঘটনার তদন্তে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। পুলিশ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে, যাতে দেহ ফেলার সময় কোনো সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা যায়। পুলিশের অনুমান, এমন ভয়াবহ খুনের পেছনে ব্যক্তিগত প্রতিহিংসা একটি বড় কারণ হতে পারে। পুলিশের একাধিক দল বর্তমানে সেক্টর ১০৮ ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলে সূত্র খোঁজার চেষ্টা করছে। আপাতত, তদন্তের অগ্রগতি ময়নাতদন্ত রিপোর্ট এবং সিসিটিভি ফুটেজের ওপরই নির্ভর করছে।