‘আপনি তো ম্যাচ খেলছেন, আর…!’ শিলিগুড়ির মেয়ে রিচাকে কী বললেন প্রধানমন্ত্রী মোদী?

বিশ্বকাপজয় করে দেশে ফিরেছেন ভারতীয় মহিলা ক্রিকেট দল। দিল্লিতে ৭, লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে দলের সদস্যদের সংবর্ধনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার গর্ব, দলের অন্যতম সদস্য এবং উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী। তাঁর ছক্কা হাঁকানোর ক্ষমতা নিয়েই জমিয়ে খোশগল্প জোড়েন তিনি।

উপস্থিত ছিলেন ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, জেমাইমা রড্রিগেজ এবং কোচ আমোল মুজুমদার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি রিচার দিকে প্রশ্ন ছুঁড়ে দেন:

“রিচা, আপনি তো ম্যাচ খেলছেন সেটিই জিতিয়ে ফিরছেন। কীভাবে সম্ভব হচ্ছে এমনটা? ছক্কা হাঁকানোর সুযোগ সর্বদাই পেয়ে যান রিচা।”

প্রধানমন্ত্রীর এই কথায় লাজুক মুখে রিচা জবাব দেন, “হয়তো তাই, কারণ অনুর্ধ্ব ১৯, WPL এবং সিনিয়র দলের হয়ে খেলার সুযোগ পেয়েছি। সে খেলাগুলো আমরা জিতেছি।” পাশ থেকে হরলিন কউর দেওল বলে ওঠেন, “রিচা অনেক লম্বা লম্বা ছক্কা মারে।”

রিচা ঘোষ জানান, দলের সিনিয়র ক্রিকেটার ও কোচের ভরসাই তাঁর আত্মবিশ্বাস জুগিয়েছিল।

রিচা বলেন: “প্রতিটা ম্যাচেই হ্যারিদি (হরমনপ্রীত), স্মৃতিদি, অমল স্যর আমার উপর ভরসা করেছেন। এমন এমন মুহূর্ত এসেছে যখন হয়তো বল কম রয়েছে আর রান তুলতে হবে দ্রুত, তখন ওরা আমার পারফর্ম্যান্সে ভরসা রেখেছেন। সে কারণেই হয়তো আমিও আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে পেরেছি। আর আমরা জিতেছি। এটা অনেক বড় পাওনা।”

৫২ বছর পর প্রথমবার মহিলা ক্রিকেট দলের এই বিশ্বকাপ জয় আবেগময় করে তোলে প্রধানমন্ত্রীকেও। তিনি খেলোয়াড়দের সঙ্গে নৈশভোজ সারেন এবং বিশ্বজয়ীরা তাঁকে লাড্ডু খাইয়ে দেন। ক্রিকেটাররা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষ উপহার হিসেবে তাঁর নাম ‘নমো’ লেখা ১ নম্বর জার্সি তুলে দেন।

প্রধানমন্ত্রী দলের সদস্যদের থেকে টানা তিন ম্যাচ হারার পর ট্রোলিং সামলে দুর্দান্ত প্রত্যাবর্তন করা এবং ফাইনালে ওঠার কঠিন জার্নির অভিজ্ঞতা মনোযোগ দিয়ে শোনেন।