ধোনির সিএসকে-তে স্যামসন, রাজস্থানে জাদেজা? মেগা সোয়্যাপ ডিল নিয়ে উত্তাপ, জাদেজার বদলে ব্রেভিসকেও চাইল রয়্যালস!

আসন্ন আইপিএলের মিনি নিলামের আগে ট্রেডিং উইন্ডোয় দুটি বড় ফ্র্যাঞ্চাইজি—রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) এবং চেন্নাই সুপার কিংসের (CSK) মধ্যে একটি মেগা সোয়্যাপ ডিল নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। রাজস্থান রয়্যালস তাদের তারকা স্টাম্পার-ব্যাটার সঞ্জু স্যামসনকে দিয়ে চেন্নাইয়ের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে দলে নিতে চাইছে।

এই আলোচনা যখন তুঙ্গে, তখনই শনিবার সোশাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে সিএসকে।

চুক্তিতে জট কোথায়?
ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, সঞ্জু স্যামসন ও রবীন্দ্র জাদেজার মধ্যে সোয়্যাপ ডিল নিয়ে দুই পক্ষের মধ্যে গুরুতর আলোচনা চলছে। রয়্যালসের অন্যতম মালিক মনোজ বাদালে মুম্বইয়ে এসে চুক্তির বিষয়টি দেখছেন। তবে সমস্যা দানা বেঁধেছে অন্য জায়গায়:

রাজস্থানের দাবি: রয়্যালসরা কেবল জাদেজাকে চেয়েই ক্ষান্ত নয়, সঙ্গে দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিসকেও চাইছে।

সিএসকে-র অবস্থান: পাঁচবারের চ্যাম্পিয়নরা অবশ্য এই দাবি মানতে নারাজ। ক্রিকবাজের রিপোর্ট বলছে, জাদেজাকে ছাড়তে রাজি হলেও সঞ্জুর বদলে প্রোটিয়া ক্রিকেটার ব্রেভিসকে তাঁরা কোনওভাবেই ছাড়তে রাজি নন। গত মরশুমে মাঝপথে যোগ দিয়ে ব্রেভিস যথেষ্ট প্রভাব ফেলেছিলেন।

ফলে, চুক্তি যে দিনের আলো দেখবে, তেমনটা বলার জায়গা এখনও আসেনি। বল এখন রাজস্থান রয়্যালসের কোর্টে।

সিএসকে-র ইঙ্গিতপূর্ণ পোস্ট ও ধোনির নিশ্চয়তা
ট্রেড উইন্ডো নিয়ে চলতে থাকা গুজবের মধ্যে শনিবার ‘ইয়েলো ব্রিগেড’ তাদের দায়বদ্ধতার জায়গা থেকে একটি পোস্ট করে। যেখানে বলা হয়:

“দলবদল নিয়ে গুজবে কান দিলে মানসিক স্বাস্থ্যের ক্ষতি হতে পারে ৷ তাই আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ ৷”

এদিকে, সিএসকে অনুরাগীদের জন্য একটি ভালো খবর নিশ্চিত করেছেন দলের সিইও কাশী বিশ্বনাথন। তিনি জানিয়েছেন, মহেন্দ্র সিং ধোনি (MSD) যে আগামী বছরও খেলছেন, সে ব্যাপারে নিশ্চিত।

ধোনির ভূমিকা: ২০২৫ আইপিএলে রুতুরাজ গায়কোয়াড় চোটের কারণে ছিটকে যাওয়ায় টুর্নামেন্টের মাঝপথে সিএসকে-র নেতৃত্বের ব্যাটন পুনরায় ধোনির কাঁধে তুলে দেওয়া হয়েছিল।

সিইও-র মন্তব্য: শুক্রবার সংবাদসংস্থা আইএএনএস’কে কাশী বিশ্বনাথন বলেন, “এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে পরবর্তী আইপিএলে ও (ধোনি) খেলছে ৷”

আসন্ন আইপিএলের মিনি নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে তাঁদের ধরে রাখা ক্রিকেটারের তালিকা জমা দিতে হবে।