ধানেই মাছ, মাছেই ধান, বাংলার কৃষকের নতুন পদ্ধতি অবাক করবে

‘মাছে ভাতে বাঙালি’ প্রবাদকে নতুন দিশা দেখাচ্ছেন পূর্ব বর্ধমানের এক কৃষক। ধানের জমিতেই মাছের চাষ করে বিকল্প আয়ের পথ দেখাচ্ছেন তিনি। একদিকে শ্রমিকের অভাব এবং অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয়ে বারবার ফসল নষ্ট হওয়ায় এই নতুন পদ্ধতি অবলম্বন করেছেন তিনি।
কীভাবে সম্ভব হলো?
পূর্ব বর্ধমানের ভাতার থানার বামুনারার বাসিন্দা সন্তোষ কবিরাজ তাঁর আড়াই বিঘা ধানের জমিতে ধান চাষ না করে সেখানে জল জমিয়ে দেশি কই ও মাগুর মাছের চাষ শুরু করেছেন। শুধু মাছ চাষই নয়, পুকুরের মতো জল ঠান্ডা রাখতে তিনি জলের উপর কচুরিপানা ব্যবহার করছেন। এই কচুরিপানা একদিকে যেমন জলকে ঠান্ডা রাখবে, তেমনি পরবর্তীতে মাছের খাবার হিসেবেও ব্যবহার করা যাবে।
কেন এই উদ্যোগ?
সন্তোষবাবু জানান, শ্রমিক সংকটের কারণে এবং বারবার প্রাকৃতিক বিপর্যয়ে ফসল নষ্ট হওয়ায় চাষে লোকসান হচ্ছিল। তাই বাধ্য হয়ে তিনি এই বিকল্প ভাবনা নিয়েছেন। এই পদ্ধতিতে মাছের ডিম নিজে ফুটিয়ে চারা তৈরি করে চাষ করেন, যার ফলে খরচ অনেকটাই কমে।
এই নতুন পদ্ধতির মাধ্যমে তিনি আশা করছেন, ভবিষ্যতে ভালো লাভ হবে। একইসাথে প্রয়োজন হলে এই জমিতে আবার ধান চাষ করা যেতে পারে বলেও তিনি জানান।