‘যাদবপুরের জঞ্জাল সাফ করে দেব’, শুভেন্দু অধিকারীর বিস্ফোরক মন্তব্যে তোলপাড় রাজ্য-রাজনীতি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় রাজ্য জুড়ে যখন তোলপাড়, তখন এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে যাদবপুরের সমস্ত “জঞ্জাল” সাফ করে দেওয়া হবে। তাঁর এই মন্তব্য যাদবপুর বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে।
সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, “যাদবপুরে যারা সংবিধান মানে না, যারা হেরোইন আর চরসের আখড়া করে রেখেছে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের লালন-পালন করেন। কারণ, ভোটের সময় এরা ‘নো ভোট টু মোদী’ স্লোগান দেয়।” তিনি আরও বলেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুরনো গৌরব ফিরিয়ে আনতে এবং মূল স্রোতে আবারও শামিল করতে বিজেপিকে আনতে হবে। বিজেপি আসলেই সমস্যার সমাধান সম্ভব।”
শুভেন্দুর অন্য বিস্ফোরক মন্তব্য
যাদবপুরের পরিস্থিতি বদলানোর ইঙ্গিত দিয়ে শুভেন্দু বলেন, “বিজেপিকে আনুন, একদম সাফ করে দেব আমরা। যাদবপুরে যত জঞ্জাল আছে, সব পরিষ্কার করে দেব।”
এছাড়াও, তিনি ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্তা প্রসঙ্গে বলেন, “এগুলো বেশিরভাগই ভুয়ো প্রচার। হরিয়ানা সরকার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, সেখানে আটক হওয়া এক হাজার বাংলাভাষীর মধ্যে ৯১৫ জনই বাংলাদেশি অনুপ্রবেশকারী।”
শুভেন্দু অধিকারীর এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই কঠোর মন্তব্যের পর যাদবপুর ইস্যু ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।