‘দেব-এর ওপর এত রাগ কেন?’ সিনেমা দেখার আগেই নেতিবাচক রিভিউ, সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিযোগে সরব রানা সরকার!

দুর্গাপূজার আবহে বড় সিনেমা মুক্তির দিনেই নেটপাড়ায় নতুন করে বিতর্ক শুরু হলো। দেব অভিনীত ‘রঘু ডাকাত’ নিয়ে একটি নেতিবাচক রিভিউ প্রথম শো শেষ হওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন প্রযোজক রানা সরকার। তাঁর অভিযোগ, দেবের সিনেমাকে অপদস্থ করতে বড়সড় ষড়যন্ত্র চলছে।

বৃহস্পতিবার সকালে রানা সরকার একটি স্ক্রিনশট শেয়ার করেন, যেখানে ‘রঘু ডাকাত’ সিনেমাকে ঘিরে নেতিবাচক রিভিউ এবং ১০-এর মধ্যে ৪ নম্বর দেওয়া হয়েছে। সিনেমা দেখার আগেই এমন আক্রমণাত্মক প্রস্তুতি দেখে বিস্মিত হয়েছেন প্রযোজক ও নেটিজেনরা।

ফার্স্ট শো শুরুর আগেই ‘রিভিউ’
প্রযোজক রানা সরকার তাঁর সোশ্যাল মিডিয়ার বার্তায় বিষয়টি প্রকাশ্যে আনেন। তিনি লেখেন, “কলকাতায় ‘রঘু ডাকাত’-এর প্রথম শো শুরু হওয়ার আগেই একজন রিভিউ লিখে ফেলেছেন। আরো বিস্তারিত পরে আসছে লিখে সবাইকে অপেক্ষা করতে বলেছেন।”

রানা যে স্ক্রিনশট পোস্ট করেছেন, তাতে দেখা যায় সময়টা সকাল ৯:৫৫ মিনিট। অর্থাৎ, প্রথম শো শেষ হওয়ার আগেই নেতিবাচক রিভিউ তৈরি ছিল। এতে বোঝাই যায়, প্রথম শো শেষ হতেই সব মিডিয়াকে খবর করার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছিল।

কার দিকে অভিযোগের তীর?
রানা সরকার তাঁর পোস্টে নাম না করেই তৃণমূল নেতা কুণাল ঘোষের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তিনি প্রশ্ন তোলেন:

“দেব-এর ওপর এত রাগ কেন অনেকদিন ধরে আমার জিজ্ঞাসা… তাহলে রঘু ডাকাতের ওপর রাগ কেন? শ্রীকান্ত মোহতা বা SVF-এর ওপর রাগ? কেউ ওনাকে টাকা দিচ্ছে এরকম মিথ্যা প্রোপাগান্ডা করার জন্য? কে দিচ্ছে?”

এরপর সরাসরি আক্রমণ করে রানা বলেন, “উনি নাকি চোর অনেক লোক বলে… এখন উনি সিনেমা-চোর।”

প্রযোজক হুঁশিয়ারির সুরেই লেখেন, “এভাবে দেব বা রঘু ডাকাত-কে আটকাতে পারবেন না স্যার। আর আপনি যে প্রোডাকশন হাউসের পক্ষ নিয়ে লড়ছেন তাদের বাঁচাতেও পারবেন না মানুষের দরবারে। মিলিয়ে নেবেন।”

স্ক্রিনশটে কী লেখা ছিল?
ভাইরাল হওয়া ওই স্ক্রিনশটে লেখা ছিল, “বাংলা দর্শকদের বোধবুদ্ধিকে খাটো করে দেখলে যা হয়, তাই হলো। দেব অভিনীত রঘু ডাকাত কার্যত একটি জঘন্য ছবি হিসাবে চিহ্নিত থাকছে দর্শকের কাছে। বৃহস্পতিবার প্রথম শোতেই বোঝা গেল দর্শক বিরক্ত, শেষ পর্যন্ত দেখার ধৈর্যও অনেকে দেখালেন না।”

প্রসঙ্গত, পুজোর আবহে একসঙ্গে চারটি বড় সিনেমা মুক্তি পাচ্ছে— দেব অভিনীত ‘রঘু ডাকাত’, শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায় পরিচালিত ‘রক্তবীজ 2’, অনীক দত্ত পরিচালিত ‘যত কাণ্ড কলকাতাতেই’ এবং শুভ্রজিৎ মিত্র পরিচালত ‘দেবী চৌধুরানী’। এর মধ্যে ‘রক্তবীজ 2’ বনাম ‘রঘু ডাকাত’ নিয়ে সমান হল ও প্রাইম টাইম ইস্যুতে আগেই বাকযুদ্ধে জড়িয়েছিলেন কুণাল ঘোষ ও রানা সরকার। ছবি মুক্তির দিনে রানার এই বিস্ফোরক অভিযোগে সেই বিতর্ক আরও তীব্র হলো। এখন দেখার, কুণাল ঘোষের পক্ষ থেকে কোনো পাল্টা প্রতিক্রিয়া আসে কি না।