দুর্যোগে ভেস্তে যাবে কি মমতার সভা? ঝিরিঝিরি বৃষ্টি আর জলমগ্ন মাঠ নিয়ে দুশ্চিন্তায় ঘাটাল-চন্দ্রকোনা

মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ও গড়বেতায় জোড়া জনসভা করার কথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু সভা শুরুর আগেই বাগড়া দিল প্রকৃতি। সোমবার রাত থেকে চলা টানা বৃষ্টিতে চন্দ্রকোনার ক্ষীরপাইয়ের সভাস্থল কার্যত জলমগ্ন। পরিস্থিতি এতটাই বেগতিক যে, তৃণমূল প্রার্থী সূর্যকান্ত দোলইয়ের সমর্থনে আয়োজিত এই সভার মাঠ থেকে পাম্প দিয়ে জল সরানোর কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়।

বেলা ১২টা নাগাদ ক্ষীরপাইয়ের চড়কডাঙা ময়দানে পৌঁছনোর কথা নেত্রীর। কিন্তু সকাল থেকে আকাশের মুখ ভার এবং ঝিরিঝিরি বৃষ্টির জেরে কপালে চিন্তার ভাঁজ পড়েছে তৃণমূল কর্মী-সমর্থকদের। মাঠের কাদা ও জল থইথই অবস্থা দেখে আয়োজকরা কার্যত মাথায় হাত দিয়ে বসেছেন। প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে কি আদৌ সভা করা সম্ভব হবে?

সবচেয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে মমতার যাতায়াত নিয়ে। আবহাওয়া খারাপ থাকলে হেলিকপ্টার ওড়া অনিশ্চিত হয়ে পড়ে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী কি চপারেই আসবেন নাকি সড়কপথে গাড়িতে করে সভাস্থলে পৌঁছবেন, তা নিয়ে প্রশাসনিক মহলে জোর জল্পনা চলছে। প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করে শেষ পর্যন্ত সভা কতটা সফল হয়, এখন সেটাই দেখার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy