দুর্গাপূজা, ছটপুজো ও আরএসএস, মন কি বাতে প্রধানমন্ত্রী মোদির ভাষণে কোন কোন বিষয় পেল গুরুত্ব?

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা উপলক্ষে রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করলেন, কেন্দ্রীয় সরকারের লাগাতার প্রচেষ্টার ফলেই কলকাতার দুর্গাপূজা ইউনেস্কোর ‘বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য’-এর তকমা পেয়েছে।

২০২১ সালে দুর্গাপূজা এই স্বীকৃতি লাভ করেছিল। কিন্তু চার বছর পর পুজোর আবহে প্রধানমন্ত্রীর এই মন্তব্য করায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এর আগে একাধিক সভায় ইউনেস্কোর এই স্বীকৃতির কৃতিত্ব দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ছট পুজো নিয়ে মোদির মন্তব্য: বিহারে নির্বাচনের ইঙ্গিত?
এদিন দুর্গাপূজার পাশাপাশি প্রধানমন্ত্রী ছটপুজো নিয়েও মন্তব্য করেন। বিহার বিধানসভা নির্বাচনের আগে সে রাজ্যের সবচেয়ে বড় উৎসব নিয়ে মোদির মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

প্রধানমন্ত্রী জানান, শুধু দেশের নানা প্রান্তেই নয়, বিশ্বের বিভিন্ন জায়গাতেও পালিত হয় ছট পুজো। এটি আক্ষরিক অর্থে এখন আন্তর্জাতিক উৎসব হয়ে উঠছে। তিনি বলেন:

“ছট পুজো যাতে ইউনেস্কোর ‘বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য’-র তকমা পায়, তার জন্য চেষ্টা করে চলেছে কেন্দ্রীয় সরকার। সরকারের এই ধরনের প্রচেষ্টার কারণেই, কলকাতার দুর্গাপূজোও এই ইউনেস্কোর হেরিটেজ তালিকায় নাম লিখিয়েছে।”

তিনি আশা প্রকাশ করেন, ছট পুজো ইউনেস্কোর তালিকায় জায়গা পেলে বিশ্বের প্রত্যেক প্রান্তের মানুষ এই উৎসবের মহিমা ভালোভাবে অনুভব করতে পারবেন।

আরএসএস ও স্বদেশি পণ্য
রবিবার প্রধানমন্ত্রীর ভাষণে আরএসএসের শতবর্ষ পূর্তির প্রসঙ্গটিও গুরুত্ব পেয়েছে। তিনি জানান, আসন্ন বিজয়া দশমীর দিন আরএসএসের প্রতিষ্ঠার ১০০ বছর পূর্ণ হবে এবং তিনি সঙ্ঘ পরিবারের প্রশংসা করেন।

এছাড়াও, প্রধানমন্ত্রী দেশবাসীকে আবারও স্বদেশি পণ্য কিনতে আহ্বান করেন। দেশকে আত্মনির্ভর করতে হলে স্বদেশি পণ্য কেনা দরকার বলে তিনি মন্তব্য করেন।

‘মন কি বাত’-এর ১২৬তম পর্বে প্রধানমন্ত্রী এদিন স্বাধীনতা সংগ্রামী ভগত সিং এবং কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের জন্মবার্ষিকী উপলক্ষেও শ্রদ্ধা জানিয়েছেন।