বুধবার দুপুরে দুর্গাপুরের প্রাণকেন্দ্রে বিকট বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। সিটি সেন্টারের ম্যাক্সমুলার পথ এলাকায় একটি অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডার রিফিলিং করার সময় এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের কয়েকটি বাড়ির জানালার কাঁচ ভেঙে পড়ে এবং এলাকাবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বেসরকারি ফায়ার এক্সটিংগুইশার রিফিলিং সংস্থার অফিসে এই ঘটনাটি ঘটে। সেখানে কাজ করছিলেন ৬৫ বছর বয়সী দেবরাজ সোম। তিনি একটি পুরনো অগ্নিনির্বাপক সিলিন্ডারে গ্যাস ভরার সময় সেটি হঠাৎ বিকট শব্দে ফেটে যায়। বিস্ফোরণে গুরুতর আহত হন দেবরাজবাবু। তার সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে একটি বেসরকারি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
বিস্ফোরণের শব্দ এতটাই জোরালো ছিল যে আতঙ্কিত এলাকাবাসী ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। স্থানীয় বাসিন্দা ইন্দ্রাণী সেন জানান, “শব্দে মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। আমাদের বাড়ির জানালার কাঁচ ভেঙে পড়েছে।”
ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার সিটিসেন্টার ফাঁড়ির পুলিশ। তারা পুরো এলাকা খতিয়ে দেখে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সুবীর রায় জানান, এই ঘটনায় একজন আহত হয়েছেন এবং এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে, আহত ব্যক্তির অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
এই ঘটনায় ফের একবার গ্যাস সিলিন্ডার রিফিলিং-এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।