দুর্গাপুজোর আগে স্বস্তির খবর! বঙ্গে আপাতত বৃষ্টি কম, পুজোয় কি তবে বাধা থাকবে না?

ভাদ্রের প্যাচপেচে গরমের অস্বস্তি কিছুটা সরিয়ে পূর্ণিমার চাঁদ দেখতে পেল বঙ্গবাসী। তবে গত ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েকদিন এই গরম ও অস্বস্তি বজায় থাকলেও সপ্তাহের মাঝামাঝি সময় থেকে আবার বদলাতে পারে পরিস্থিতি।

আজ, সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সব জেলায় বৃষ্টি নাও হতে পারে। দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

আগামী মঙ্গলবারও পরিস্থিতি একই রকম থাকবে। তবে বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। বৃহস্পতিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা বাতাস বইতে পারে। আগামী শনিবার পর্যন্ত এমন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে কিন্তু দুর্যোগ চলবে পুরো সপ্তাহজুড়েই। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। এই দুই জেলায় আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কোচবিহারে আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে।

আর মাত্র ২০ দিন পর দুর্গাপূজা। আপাতত বৃষ্টির পূর্বাভাস কমে যাওয়ায় পুজোপ্রেমী এবং ব্যবসায়ীরা স্বস্তিতে রয়েছেন। আলিপুর আবহাওয়া দপ্তর এখনও বর্ষা বিদায়ের ঘোষণা না করলেও, পুজোর বাজারে বৃষ্টির বাধা না থাকার পূর্বাভাসে বিকিকিনি জমে উঠবে বলে আশা করা হচ্ছে।