দুর্গাপুজোর আগেই বালি মাফিয়াদের ধরপাকড়, রাজ্যের ৬ জেলায় ইডি-র বড়সড় হানা!

কলকাতা, রাজ্যের বিভিন্ন জেলায় অবৈধ বালি পাচার এবং খননের বিরুদ্ধে বড়সড় অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার ভোর থেকে উত্তর ২৪ পরগনা, নদিয়া, ঝাড়গ্রাম এবং কলকাতার একাধিক স্থানে এই তল্লাশি চালানো হচ্ছে। ইডি সূত্রে খবর, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে রবিবার মধ্যরাতেই তদন্তকারীরা রাজ্যের বিভিন্ন গন্তব্যে রওনা দেন।
ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে শেখ জহিরুল শেখের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে ইডি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জহিরুল বালি ব্যবসার সঙ্গে যুক্ত। তার এলাকায় বহু বালি খাদান রয়েছে। ইডি তার তিন তলা বাড়ি এবং গাড়িতেও তল্লাশি চালাচ্ছে। জানা গেছে, জহিরুল একসময় ভিলেজ পুলিশ হিসেবে কাজ করতেন। পরে চাকরি ছেড়ে বালি ব্যবসায় নামেন। বর্তমানে কেন্দ্রীয় বাহিনী তার গোটা বাড়ি ঘিরে রেখেছে এবং তদন্তকারীরা বিভিন্ন নথি খতিয়ে দেখছেন।
সোমবার ভোর থেকে একই সময়ে উত্তর ২৪ পরগনা, নদিয়া, এবং কলকাতার বিভিন্ন ঠিকানায় অভিযান শুরু হয়েছে। কলকাতার বেহালা, রিজেন্ট কলোনি, সল্টলেক এবং টালিগঞ্জের বেশ কিছু জায়গায় তল্লাশি অভিযান চলছে। অবৈধ বালি কারবারের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তির বাড়িতে এই অভিযান চলছে। বালি পাচার চক্রের সঙ্গে যুক্ত প্রভাবশালী ব্যক্তিদের খোঁজে এই তল্লাশি চালানো হচ্ছে। ঝাড়গ্রাম জেলায় মোট ছয়টি স্থানে এই অভিযান চলছে বলে খবর।