দুবাই এয়ারশোতে ভেঙে পড়া তেজসের পাইলট শহিদ! ইউটিউবে ছেলের দুর্ঘটনার ভিডিও দেখলেন বাবা

দুবাই এয়ারশোতে (Dubai Airshow) ভয়াবহ বিমান দুর্ঘটনায় শহিদ হলেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার নমংশ সেয়াল (৩৪)। হিমাচল প্রদেশের কাংড়া জেলার পাতিয়ালকার গ্রামের এই বীর পাইলট তেজস (Tejas) লাইট কমব্যাট এয়ারক্রাফ্টে ফ্লাইং ডেমোনস্ট্রেশন চলাকালীন স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ১০ মিনিট নাগাদ আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়েন। বিস্ফোরণের মুহূর্তেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নমংশ।

ইউটিউবে দুর্ঘটনার ভিডিও দেখলেন বাবা

ছেলে তাঁর শেষ কথা বলেছিলেন বাবাকে— “এয়ারশো দেখেছ তো? টিভি বা ইউটিউবে দেখে নিও।”

নমংশ সেয়ালের বাবা, অবসরপ্রাপ্ত স্কুলপ্রধান জগন্নাথ সেয়াল, শুক্রবার সন্ধ্যায় ইউটিউবে ছেলের পারফরম্যান্স খুঁজছিলেন। হঠাৎই তাঁর সামনে আসে ‘Tejas Crash in Dubai’ শিরোনামের ভিডিও। কয়েক সেকেন্ডের মধ্যে ভেঙে পড়া জ্বলন্ত বিমানের দৃশ্য দেখে তিনি কেঁপে ওঠেন। সঙ্গে সঙ্গেই ফোন করেন পুত্রবধূকে, যিনি নিজেও বায়ুসেনার উইং কমান্ডার (IAF Wing Commandor) এবং সেই সময় কলকাতায় একটি প্রশিক্ষণে ছিলেন। কিছুক্ষণ পরেই এয়ারফোর্স অফিসাররা এসে বাড়িতে দুঃসংবাদটি দেন।

পরিবার ভেঙে চুরমার, প্রমোশনের অপেক্ষায় ছিলেন নমংশ

নমংশের স্ত্রী বর্তমানে কলকাতায় প্রশিক্ষণে। তাঁর ৬ বছরের কন্যা আর্যা কোয়েম্বাটুরে রয়েছে। তার দেখাশোনা করতে দু-সপ্তাহ আগে বাবা-মা কাংড়া থেকে কোয়েম্বাটুরে এসেছিলেন। দুর্ঘটনার পর থেকে পরিবারটি বাকরুদ্ধ; মা কথা বলার মতো অবস্থাতেও নেই।

পরিবার সূত্রে জানা গেছে, ভারতীয় বায়ুসেনার অন্যতম দক্ষ ফাইটার পাইলট নমংশের খুব শীঘ্রই স্কোয়াড্রন লিডার থেকে প্রমোশন পাওয়ার কথা ছিল। ২০০৯ সালে তিনি এনডিএ উত্তীর্ণ হন এবং তাঁর পড়াশোনা সেন্টিক স্কুল, সুজনপুর তীরাতে হয়।

মুখ্যমন্ত্রীর শ্রদ্ধা ও প্রাথমিক দুর্ঘটনার কারণ

হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুক্খু বলেছেন, “দেশ এক বীর, কর্তব্যপরায়ণ এবং সাহসী পাইলটকে হারাল। নমংশ সেয়ালের অদম্য বীরত্বকে স্যালুট জানাই।”

HAL–এর তৈরি এই সিঙ্গল-সিট লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। প্রাথমিক ভিডিও বিশ্লেষণে দেখা গেছে যে:

তেজস একটি নেগেটিভ-জি ম্যানুভার করছিল।

অতি কম উচ্চতায় বিমানটি সেই ম্যানুভার থেকে রিকভার করতে পারেনি।

শেষ মুহূর্তে পাখা সমান হলেও ততক্ষণে উল্লম্ব গতিবেগ বিপজ্জনক মাত্রায় পৌঁছে যায়।

পাইলট ইজেক্ট করার সুযোগ পাননি।