দিদিমা অসমের চ্যালাদের দিয়ে বাঙালি-অসমীয়াদের মধ্যে শত্রুতা তৈরি করছেন’, এক্স বার্তায় বিস্ফোরক তথাগত রায়

অসম ও বাঙালি হিন্দুদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা চলছে বলে বিস্ফোরক মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে (আগের টুইটার) এক বার্তায় তিনি লিখেছেন, “দিদিমা এখন উপায়ান্তর না দেখে অসমের কিছু চ্যালাদের নাচাচ্ছেন, যাতে তারা অসমীয়া-বাঙালি হিন্দুর মধ্যে শত্রুতা সৃষ্টি করে।”

কী অভিযোগ তথাগত রায়ের?
তথাগত রায় অভিযোগ করেছেন, এই বিভেদ তৈরি করার পেছনে এক ‘চটিচাটা চ্যালা’র হাত রয়েছে। তিনি বলেন, “অথচ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা খুব পরিষ্কার ভাষায় বলেছেন, অসমীয়া ভাষার শত্রু বাংলা নয়, অসমীয়ার শত্রু আরবী। হিমন্তের মতো বাঙালির হিতৈষী মুখ্যমন্ত্রী বহুদিন অসমের মসনদে বসেননি।”

প্রাক্তন রাজ্যপাল আরও দাবি করেন, এই চ্যালারা পুরোনো সময়ের কিছু লেখা উদ্ধৃত করে দুই সম্প্রদায়ের মধ্যে বিবাদ তৈরি করতে চাইছে। কিন্তু করিমগঞ্জ, হাইলাকান্দি এবং শিলচর বাদে অন্যান্য অসমীয়া অঞ্চলগুলো যে মুসলিম-প্রধান হয়ে গেছে, তা সবাই দেখেছে। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান অসমীয়া ভদ্রজনদের মধ্যে বাঙালি-বিরোধিতা প্রায় নেই বললেই চলে।

অসমের সাহিত্য সভায় বাংলা ভাষার জয়গান
নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে তথাগত রায় জানান, তিনি যখন মেঘালয়ের রাজ্যপাল ছিলেন, তখন অসমের অত্যন্ত প্রভাবশালী ‘অসম সাহিত্য সভা’-র একটি অধিবেশনে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছিলেন। সেখানে তিনি বাংলাতে ভাষণ দিলে দর্শকরা তা সানন্দে গ্রহণ করেন।

তথাগতবাবু তার এই এক্স বার্তাটি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং অসম বিজেপির এক্স হ্যান্ডেলকে ট্যাগ করে পোস্ট করেছেন।