দিঘা-মন্দারমণি ট্রিপ প্ল্যান? হোটেল বুকিং-এর ‘আসল ফাঁদ’ পাতা, খোয়াবেন লক্ষাধিক টাকা, সতর্ক করল পুলিশ

দিঘা, মন্দারমণি বা তাজরপুরের মতো সমুদ্র সৈকতে ছুটি কাটাতে যাওয়ার পরিকল্পনা করছেন? হোটেল বুকিং করতে গিয়ে সাবধান! এখন এই পর্যটন কেন্দ্রগুলিতে সক্রিয় রয়েছে একটি বড়সড় সাইবার প্রতারণা চক্র, যা পর্যটকদের ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এই ঘটনা নিয়ে চিন্তায় খোদ পুলিশ ও হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন।
প্রতারণার কৌশল: প্রতারকরা একটি নির্দিষ্ট পর্যটন কেন্দ্রের নামকরা হোটেলের হুবহু নকল ওয়েবসাইট তৈরি করে। পর্যটকরা দ্রুত বুকিং করতে গিয়ে সেই নকল সাইটে অগ্রিম টাকা দিয়ে দেন। পরে হোটেলে ফোন করে জানা যায়, সেখানে কোনও বুকিং হয়নি। দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, “এটা সার্বিকভাবে খুব বড় চক্র। শুধু দিঘা বা শঙ্করপুরে নয়, দার্জিলিং, পুরীতেও চলছে।”
প্রতারণার শিকার হাওড়ার বাসিন্দা: কয়েক মাস আগের ঘটনা, হাওড়ার বাসিন্দা সহেলি চট্টোপাধ্যায় ওল্ড দিঘার একটি হোটেলে ১৭ থেকে ২০ মে-র জন্য রুম ভাড়া নিয়েছিলেন। পয়লা মে তিনি অগ্রিম বাবদ দেড় হাজার টাকা দিয়েছিলেন। কিন্তু পরদিন হোটেলে ফোন করে জানতে পারেন, বুকিংটি ভুয়ো। এরপরই তিনি থানায় অভিযোগ দায়ের করেন। সহেলীর মতো আরও বহু পর্যটক এই প্রতারণার শিকার হয়েছেন।
পুলিশ ও অ্যাসোসিয়েশনের পদক্ষেপ: কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস জানিয়েছেন, তাঁরা একাধিক অভিযোগ পেয়েছেন এবং হোটেল মালিকদের সঙ্গে কথা বলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা করছেন। তিনি বলেন, “যাতে তাঁদের টাকা কোনওভাবে মার না যায়। আর যাঁরা অভিযোগ দায়ের করেছেন, সেগুলির তদন্ত এখন চলছে।” বিপ্রদাস চক্রবর্তীও সমাজমাধ্যমের দ্বারা পর্যটকদের সতর্ক করার কথা জানিয়েছেন।