জাতীয় রাজনীতির অলিন্দে আবারও সংঘাতের আগুন। এবার সরাসরি দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে রণংদেহি মেজাজে ধরা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে দিল্লির নির্বাচন সদনে কমিশনারের সঙ্গে বৈঠক মাঝপথেই বয়কট করে বেরিয়ে আসেন তৃণমূল নেত্রী। বাইরে বেরিয়েই ক্ষোভ উগরে দিয়ে কমিশনারকে ‘দালাল’ এবং ‘অত্যন্ত উদ্ধত’ বলে তোপ দাগেন তিনি।
এদিন বিকেল চারটে নাগাদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনের সদর দফতরে পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের সঙ্গে ছিলেন এসআইআর (SIR) প্রক্রিয়া চলাকালীন প্রাণ হারানো তিন বিএলও (BLO) এবং আতঙ্কে মারা যাওয়া আরও পাঁচজনের পরিবারের সদস্যরা। প্রতিবাদ জানাতে সকলের পরনেই ছিল কালো পোশাক। কিন্তু অভিযোগ, বৈঠকের শুরু থেকেই কমিশন তাদের কথা শুনতে চায়নি।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বলেন, “আমি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে এত উদ্ধত নির্বাচন কমিশনার আগে কখনও দেখিনি। উনি আমাদের কোনও প্রশ্নের জবাব দেননি। উল্টে আমাদের অপমান করেছেন। উনি বিজেপির দালালি করছেন।” মুখ্যমন্ত্রীর অভিযোগ, বাংলার মানুষের সমস্যার কথা বলতে গেলে কমিশনার কার্যত দুর্ব্যবহার করেন এবং বিষয়টি এড়িয়ে যান।
দিল্লির এই সংঘাতের রেশ আরও বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন যে, পরিস্থিতি বদল না হলে তিনি বাংলা থেকে লক্ষ লক্ষ মানুষকে দিল্লিতে নিয়ে এসে বড়সড় আন্দোলনে নামবেন। এদিন সকালেই বঙ্গভবনের বাইরে পুলিশের অতিসক্রিয়তা নিয়ে সরব হয়েছিলেন তিনি। নির্বাচন সদনের বৈঠক বিফল হওয়ার পর সেই ক্ষোভ আরও কয়েকগুণ বেড়ে গেল। রাজনৈতিক মহলের মতে, এই ঘটনার পর নির্বাচন কমিশন বনাম তৃণমূল সংঘাত এক নতুন উচ্চতায় পৌঁছাল, যা আগামী দিনে দিল্লির বুকে বড়সড় আন্দোলনের রূপ নিতে পারে।