দামোদরে ভেসে গেলেন ৭০ ঊর্ধ্ব বৃদ্ধা: ‘রাখে হরি মারে কে!’ ৪৫ কিমি পাড়ি দিয়ে অবশেষে মিলল অলৌকিক রক্ষা!

প্রবল জলস্রোতে তলিয়ে গিয়েও প্রায় ৪৫ কিলোমিটার দূর থেকে অলৌকিকভাবে উদ্ধার পেলেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা। একদিকে নিম্নচাপ এবং অন্যদিকে দুর্গাপুর ব্যারেজ থেকে ডিভিসি জল ছাড়ায় দামোদরের জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় এই ঘটনা ঘটে। দীর্ঘক্ষণ স্রোতে ভেসে থাকার পর অবশেষে জামালপুর এলাকা থেকে ওই বৃদ্ধাকে উদ্ধার করা হয়।
৪৫ কিমি পাড়ি দিয়ে জীবন-মরণ যুদ্ধ
ঘটনাটি ঘটে রবিবার দুপুরে। রায়না থানার জাকতা এলাকার বাসিন্দা, পঁচাত্তরোর্ধ্ব মাতুরি টুডু প্রতিদিনের অভ্যাসমতো দামোদরে স্নান করতে নামেন। কিন্তু জলের তীব্র স্রোতে তিনি ভারসাম্য হারিয়ে তলিয়ে যান। প্রবল স্রোতে ভেসে তিনি দীর্ঘ পথ পাড়ি দেন।
প্রায় ৪৫ কিলোমিটার ভেসে যাওয়ার পর, রবিবার গভীর রাতে জামালপুর থানার বেগের মুখের কাছে একটি সাঁকোর খুঁটি কোনওমতে ধরে ফেলেন মাতুরি দেবী।
‘বাঁচাও’ চিৎকারে উদ্ধার
মুইদিপুর এলাকার নদীর ধারে থাকা গ্রামবাসীরা গভীর রাতে বৃদ্ধার ‘বাঁচাও বাঁচাও’ আওয়াজ এবং গোঙানীর শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গে তারা নদীর জল থেকে মাতুরি টুডুকে উদ্ধার করেন।
স্থানীয়দের সহযোগিতায় জামালপুর থানার পুলিশ দ্রুত তাঁকে প্রথমে জামালপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে।
বৃদ্ধা জানিয়েছেন, জল বেশি থাকায় তিনি ভেসে গিয়েছিলেন। দীর্ঘ সময় ধরে ভাসতে থাকার পরই খুঁটি ধরে কোনওমতে নিজেকে আটকে রাখেন।
ব্লক তৃণমূল সভাপতি মেহেমুদ খাঁন জানিয়েছেন, পুলিশ প্রশাসন ওই বৃদ্ধার পরিচয় ও ঠিকানা (রায়নার হিজলনার জাকতা গ্রাম) জানতে পেরেছে এবং সুস্থ হওয়ার পর তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।