ত্বিশা শর্মার রহস্যজনক মৃত্যুতে তোলপাড়। মামলার তদন্তভার সিবিআই-কে হস্তান্তরের সুপারিশ করেছে মধ্যপ্রদেশ সরকার। কেন্দ্রীয় সরকারের কাছে ইতিমধ্যে এ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছে। তবে সিবিআই দায়িত্ব নেওয়ার আগে পর্যন্ত ভোপাল পুলিশ তাদের তদন্ত প্রক্রিয়া অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কমিশনার সঞ্জয় কুমার।
পুলিশের তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠেছে ত্বিশার শাশুড়ি গিরিবালা সিংয়ের বিরুদ্ধে। কমিশনার জানান, তাঁকে তিনটি নোটিশ পাঠানো হলেও তিনি সাড়া দেননি। গিরিবালার বিরুদ্ধে সিসিটিভি ফুটেজ বিকৃত করার গুরুতর অভিযোগও তুলেছে নিহতের পরিবার। আইনজীবীর দাবি, ঘটনার পর গিরিবালা প্রভাবশালী ব্যক্তিদের সাথে যোগাযোগ করলেও পরিবারের কাউকে খবর দেননি। এই পরিস্থিতিতে, গিরিবালার আগাম জামিন বাতিলের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে পুলিশ।
অন্যদিকে, ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত তথা ত্বিশার স্বামী সমর্থ সিং পলাতক। কমিশনার সঞ্জয় কুমার আশ্বাস দিয়েছেন, ঘটনার দুই দিনের মধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে কোনো গাফিলতি নেই। শীঘ্রই অভিযুক্ত সমর্থকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে পুলিশ আত্মবিশ্বাসী। প্রভাবশালী যোগসূত্রের মাধ্যমে তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কায় নিহতের পরিবার ন্যায়বিচারের দাবিতে সরব হয়েছে। পুরো বিষয়টি এখন হাইভোল্টেজ আইনি মোড় নিয়েছে।





