তেজ প্রতাপের শ্যালিকাকে টিকিট দিলেন তেজস্বী, এক ঢিলে একাধিক বাজি ধরলেন লালু-পুত্র!

বিহারের রাজনীতিতে আসন দখলের লড়াইয়ে এবার নতুন চমক দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। পারিবারিক জটিলতা এবং রাজনৈতিক সমীকরণ— উভয় ক্ষেত্রেই সুবিধা নিতে এবার এক ঢিলে দুই বা তার বেশি পাখি মারতে মরিয়া লালু-পুত্র। দাদা তেজ প্রতাপ যাদবের সঙ্গে তাঁর স্ত্রী ঐশ্বর্যের সম্পর্ক যখন আদালতের ফাইলে বন্দি, তখন সেই দাদার শ্যালিকা করিশ্মা রাইকে নির্বাচনের ময়দানে নামালেন তেজস্বী।

জানা গিয়েছে, তেজ প্রতাপের স্ত্রী ঐশ্বর্যের জ্যাঠতুতো বোন করিশ্মা রাইকে পারসা আসন থেকে বিধানসভা নির্বাচনে লড়ার টিকিট দিয়েছে আরজেডি (RJD)। এর আগে ২০২০ সালের নির্বাচনেও করিশ্মা টিকিট চেয়েছিলেন, কিন্তু তেজ ও ঐশ্বর্যের সম্পর্কের টানাপড়েনের মাঝে তা বানচাল হয়ে যায়।

রাজনৈতিক ‘ক্ষতিপূরণ’ নাকি যাদব ভোট ধরে রাখার কৌশল?
করিশ্মা রাই হলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী দারোগা প্রসাদ রাইয়ের নাতনি। তেজ প্রতাপের শ্বশুর প্রাক্তন মন্ত্রী চন্দ্রিকা রাইয়ের বড় ভাই বিধাঞ্চন্দ্র রাইয়ের মেয়ে করিশ্মা। তেজ প্রতাপ এবং ঐশ্বর্যের সম্পর্কের অবনতি আদালত পর্যন্ত গড়ায়, যার জেরে লালু যাদবের পরিবার রাজনীতির ময়দানে কিছুটা ব্যাকফুটে চলে যায়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তেজস্বীর এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে তিনি একাধিক বাজি ধরেছেন:

১. পারিবারিক ক্ষতিপূরণ: তেজ প্রতাপের সঙ্গে পরিবার ও রাজনীতি, উভয় দিক থেকেই সম্পর্ক ছিন্ন করেছেন লালু প্রসাদ যাদব। তেজ প্রতাপ আসন্ন নির্বাচনে তাঁর নিজস্ব জেজেডি দল নিয়ে মহুয়া কেন্দ্র থেকে নির্বাচনে লড়ছেন। এই পরিস্থিতিতে শ্যালিকাকে টিকিট দিয়ে তেজস্বী পরিবারের মধ্যে সামঞ্জস্য ফেরানোর চেষ্টা করলেন।

২. দাদাকে বার্তা: শ্যালিকাকে প্রার্থী করার মাধ্যমে তেজস্বী স্পষ্টতই দাদা তেজ প্রতাপকে বার্তা দিলেন যে ব্যক্তিগত বিবাদ মিটিয়ে এবার রাজনীতিতে মন দেওয়া উচিত।

৩. ভোটার ধরে রাখা: বিহারে ১৫ শতাংশ যাদব ভোটারকে আরজেডির অন্যতম শক্তি হিসেবে ধরা হয়। তেজ প্রতাপের বিতর্কিত কার্যকলাপের জেরে যাদব সম্প্রদায়ের মধ্যে লালুর জ্যেষ্ঠ পুত্রের উপর যে ক্ষোভ তৈরি হয়েছে, তেজস্বী করিশ্মা রাইকে প্রার্থী করে সেই ক্ষোভ প্রশমিত করতে চেয়েছেন।

পারসা আসনে আকর্ষণীয় লড়াই
পারসা আসনটি দারোগা প্রসাদ রাইয়ের পুরনো কেন্দ্র। তিনি এই এলাকাতে যথেষ্ট প্রভাবশালী ছিলেন। দারোগা প্রসাদ রাইয়ের ছেলে চন্দ্রিকা রাইও ২০১৫ সালে আরজেডি-র টিকিটে এখান থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।

তবে ঐশ্বর্যের সঙ্গে তেজস্বীর সম্পর্কে ছেদ পড়ায় চন্দ্রিকা রাই ফের জেডিইউ শিবিরে ফিরে যান। এবার এই পারসা আসনে জেডিইউ-এর ছোটে লাল রাইয়ের বিপরীতে দারোগা রাইয়ের উত্তরসূরি করিশ্মাকে ময়দানে নামাচ্ছেন তেজস্বী। পারসা আসনে এবার তাই হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা আশা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।