তেজস্বীর মুখেই ভরসা কংগ্রেসের! কেন নীতীশ সরকারকে হারাতে এই পথে হাঁটছে মহাজোট?

আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে বিরোধী মহাগাঁঠবন্ধন জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তেজস্বী যাদবের ওপরই ভরসা রাখছে কংগ্রেস। বর্ষীয়ান কংগ্রেস সাংসদ অখিলেশ প্রসাদ সিং আজ এক সাংবাদিক সম্মেলনে বলেন, “মহাগাঁঠবন্ধনের মুখ্যমন্ত্রী হিসেবে তেজস্বীর কোনো বিকল্প নেই।”

অখিলেশ প্রসাদ সিং আরও বলেন, বিহারের উন্নয়ন এবং পরিবর্তন মানেই তেজস্বী যাদব। তিনি জোটের সব দলকে একত্রিত হয়ে তেজস্বীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান। উল্লেখ্য, বিহারে নিজেদের অবস্থান মজবুত করতে গত আগস্ট মাসে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব কাঁধে কাঁধ মিলিয়ে ১৬ দিন ধরে ‘ভোটার অধিকার যাত্রা’ করেছিলেন।

তেজস্বীকে কটাক্ষ বিজেপির
এদিকে, তেজস্বী যাদবের ‘বিহার অধিকার যাত্রা’ থেকে কলম বিতরণের ঘটনা নিয়ে তাকে তীব্র কটাক্ষ করেছেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেন, “তেজস্বী কলম বিতরণ করছেন না, বরং ছুঁড়ছেন! অন্যদের কলম বিতরণ করার আগে তেজস্বীর নিজের কলমের সঠিক ব্যবহার শেখা উচিত। তারপর অন্যদের শিক্ষা দেওয়ার কথা বলা উচিত।” গিরিরাজ সিং আরও বলেন, “আসলে যারা নিজেরাই চোর, তারা আশেপাশের প্রত্যেককে চোর সন্দেহ করে।”

দুর্নীতি, বেকারত্ব এবং আর্থিক তছরুপের অভিযোগ তুলে নীতিশ সরকারের বিরুদ্ধে ইতিমধ্যেই বিভিন্ন জেলায় মিছিল করছেন তেজস্বী যাদব।