তৃণমূলের ভরাডুবির আসল কারণ ফাঁস করলেন অনুব্রত, মমতার বিরুদ্ধে উগরালেন ক্ষোভ!

দীর্ঘদিনের নীরবতা ভেঙে অবশেষে রাজনৈতিক মহলে ঝড় তুললেন বীরভূমের একসময়ের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক বিপর্যয়ের পর থেকেই তাঁর অবস্থান নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। অবশেষে ইটিভি ভারতের প্রতিনিধি অভিষেক দত্ত রায়ের কাছে মুখ খুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রণকৌশল ও আইপ্যাক (I-PAC)-এর ভূমিকা নিয়ে একের পর এক তোপ দাগলেন তিনি।
আইপ্যাকের ওপর দোষারোপ নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে অনুব্রত মণ্ডল স্পষ্ট জানিয়ে দেন, তৃণমূলের এই ভরাডুবির নেপথ্যে রয়েছে আইপ্যাক। তিনি বলেন, “জেল থেকে ফেরার পর আমি আর রাজনীতিতে সক্রিয় ছিলাম না, ভোটও করাইনি। তৃণমূলের এই দুরবস্থার জন্য পুরোপুরি দায়ী আইপ্যাকের ভুল স্ট্র্যাটেজি।”
মমতার বিরুদ্ধে ক্ষোভের ইঙ্গিত শুধুমাত্র আইপ্যাক নয়, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেও আঙুল তুলেছেন একদা ‘দিদির প্রিয় কেষ্ট’। তাঁর কথায়, “কেউ যদি জেগে ঘুমায়, তবে কী করার আছে? মমতা বন্দ্যোপাধ্যায় শেষদিকে কার পাল্লায় পড়লেন তা জানি না। আমার হাতে শেষদিকে তিনি ঘি খানি, অর্থাৎ আমার পরামর্শের প্রয়োজন বোধ করেননি।” এই মন্তব্যের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশের লোকজন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে নিজের চরম ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
ভবিষ্যৎ পরিকল্পনা কী? দল ছাড়ার জল্পনা ও বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে অনুব্রত এদিন সরাসরি উত্তর দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, এখনই অন্য কোনো দলে যাওয়ার পরিকল্পনা তাঁর নেই। তবে শর্ত জুড়ে দিয়েছেন রাজনৈতিক ভবিষ্যতের ক্ষেত্রে। অনুব্রতর কথায়, “সম্মান পেলে দল করব, আর সম্মান না পেলে রাজনীতিই ছেড়ে দেব।”
উল্লেখ্য, ১৫ বছর বাংলার মসনদে থাকা তৃণমূল কংগ্রেস গত ৪ মে বিধানসভা নির্বাচনে ব্যাপক ভরাডুবির মুখে পড়ে। বর্তমানে রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের ফলে তৃণমূলের বহু বিধায়ক ও সাংসদ দলত্যাগ করছেন। এমন টালমাটাল পরিস্থিতিতে বীরভূমের এই দোর্দণ্ডপ্রতাপ নেতার বিস্ফোরক মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিল।