তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বলি খোদ কর্মীই! পুজোয় চাঁদা নিয়ে উত্তপ্ত তপসিয়া, হস্তক্ষেপ মমতার

পুজোর মুখে আবারও প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। কলকাতার তপসিয়ার গোবরায় চাঁদা দিতে অস্বীকার করায় এক তৃণমূল কর্মী ও তাঁর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। গুরুতর আহত ওই কর্মীর নাম অমিত সরকার। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়লে সরাসরি হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১০ হাজার টাকা চাঁদা নিয়ে বিবাদ

আহত অমিত সরকারের অভিযোগ, এলাকার একটি ক্লাব পুজোর চাঁদা বাবদ তাঁর কাছে ১০ হাজার টাকা দাবি করে। এর মধ্যে তাঁর দুটি দোকান থেকে লিখিতভাবে ৪ হাজার এবং মৌখিকভাবে আরও ৬ হাজার টাকা চাওয়া হয়। এই বিশাল অঙ্কের চাঁদা দিতে অস্বীকার করায় বিবাদের সূত্রপাত। অমিত জানান, প্রথমে তার ভাইকে গালিগালাজ করা হয় এবং পরে পরিবারের অন্য সদস্যরা নিচে নেমে এলে হামলাকারীরা তাদের ওপর চড়াও হয়। বাঁশ ও লোহার রড দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। তার বাবা ও স্ত্রীও এই হামলায় আহত হন।

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

এই ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি হস্তক্ষেপ করেন। সূত্রের খবর, তিনি ফোনে আহত কর্মীর খোঁজ নেন এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এলাকায় উত্তেজনা কিছুটা কমে আসে।

আহত অমিত সরকার জানিয়েছেন, হামলাকারীরা তার পুরোনো ক্লাবের সদস্য, যাদের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। তিনি তপসিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। পুজোর ঠিক আগে চাঁদা নিয়ে শাসক দলের অন্দরের এই গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলকে আবারও অস্বস্তিতে ফেলল।