হরিয়ানায় ‘২৫ লক্ষ জাল ভোট’! ব্রাজিলের মডেলের ছবি ব্যবহার করে ২২ বার ভোট চুরির বিস্ফোরক অভিযোগ রাহুলের

২০২৪ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচন নিয়ে ফের বড়সড় জালিয়াতির অভিযোগ তুলে একযোগে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবার রাজধানীতে সাংবাদিক বৈঠক করে তিনি দাবি করেন, হরিয়ানায় মোট ভোটের ১২ শতাংশ বা ২৫ লক্ষ ভোট জাল হয়েছে। এই অভিযোগকে তিনি “১০০ শতাংশ প্রমাণ” বলে উল্লেখ করেছেন।

রাহুল গান্ধীর মূল অভিযোগ, “সিস্টেমেটিক ম্যানিপুলেশনের” মাধ্যমে কংগ্রেসের নিশ্চিত জয়কে পরাজয়ে পরিণত করা হয়েছে। তিনি বলেন, “হরিয়ানায় ২ কোটি ভোটার আছে। তার মধ্যে ২৫ লক্ষ জাল।” তাঁর দল ৫.২১ লক্ষ ডুপ্লিকেট ভোটার খুঁজে বের করেছে বলেও দাবি করেন তিনি।

বিস্ফোরক প্রমাণ:

ব্রাজিলিয়ান মডেলের ছবি: রাহুল গান্ধী ভোটার তালিকায় কথিত অসঙ্গতির স্লাইড দেখিয়ে একটি চাঞ্চল্যকর উদাহরণ দেন। তিনি দাবি করেন, একজন ব্রাজিলিয়ান মডেলের ছবি ‘সীমা’, ‘সুইটি’ এবং ‘সরস্বতী’-র মতো বিভিন্ন নামে একাধিক ভোটার আইডিতে ব্যবহার করা হয়েছে।

২২ বার জাল ভোট: অভিযোগ করা হয়েছে যে, এই ভুয়ো পরিচয় ব্যবহার করে মোট ২২ বার ভোট দেওয়া হয়েছে।

১০০% ভুয়ো: রাহুল স্পষ্ট বলেন, “হরিয়ানায় প্রত্যেক আট ভোটারের মধ্যে একজন জাল।”

তিনি বিজেপির বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়াকে নষ্ট করার জন্য “পরিকল্পিত অপারেশন” চালানোর অভিযোগ তুলেছেন। রাহুলের দাবি, এই বড় মাপের কারচুপি সত্ত্বেও কংগ্রেস গোটা রাজ্যে বিজেপির থেকে সামান্য পিছিয়ে ছিল, যা প্রমাণ করে যে কারচুপি না হলে কংগ্রেস বিপুল ভোটে জয়ী হতো।