তিলোত্তমা কাণ্ডে তিতাস! জেলের ঠান্ডা ঘরে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, লটারি প্রতারণাতেও এল বড় ধাক্কা

তিলোত্তমা কাণ্ডে এবার আইনি জালে জ্যৈষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব। তিলোত্তমা কাণ্ডে ধৃত প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল ব্যারাকপুর আদালত। তবে এখানেই শেষ নয়, এই হাই-প্রোফাইল মামলার সঙ্গে এবার যুক্ত হয়েছে লটারি প্রতারণার মতো চাঞ্চল্যকর আরও একটি মামলা। সেই মামলাতেও নির্মল ঘোষকে আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
লটারি প্রতারণার চাঞ্চল্যকর অভিযোগ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার পুরী থেকে নির্মল ঘোষকে গ্রেফতার করা হয়। এরপর আজ তাঁকে ব্যারাকপুর আদালতে পেশ করা হলে তিলোত্তমা মামলার পাশাপাশি লটারি প্রতারণার অভিযোগটিও সামনে আসে। অভিযোগ উঠেছে, লটারিতে প্রথম পুরস্কার হিসেবে এক কোটি টাকা পেয়েছিলেন এক পানশালার মালিকের গাড়ির ড্রাইভার। সেই খবর মালিক জানতে পারার পর ওই ড্রাইভারকে সোজা নিয়ে যান তৎকালীন প্রভাবশালী বিধায়ক নির্মল ঘোষের কাছে। অভিযোগ ওঠে, সেখানে তাঁর লটারির জেতা সমস্ত টাকা জোর করে কেড়ে নেওয়া হয়।
আদালত সূত্রে আরও জানা গিয়েছে, ২০২৪ সালে এই ঘটনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার চেষ্টা করা হলেও সেই সময় পুলিশ কোনো কর্ণপাত করেনি। পরবর্তীতে ২০২৬ সালে রাজ্যে সরকার পরিবর্তনের পর ভুক্তভোগী নতুন করে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন তাঁকে আদালতে পেশ করা হয় এবং তিলোত্তমা মামলার সঙ্গে লটারি প্রতারণার মামলাটিও যুক্ত করে আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত।
বয়সের যুক্তি উড়িয়ে জেল হেফাজত
অন্যদিকে, তিলোত্তমার দেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় মোট ৯টি জামিনযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিনের শুনানিতে নির্মল ঘোষের আইনজীবী জামিনের আবেদন জানিয়ে আদালতকে জানান যে, আসামির বয়স বর্তমানে ৭৮ বছর এবং তিনি যথেষ্ট অসুস্থ। তাঁর চিকিৎসার প্রয়োজন রয়েছে বলে দাবি করে জামিনের আর্জি জানানো হয়। তবে সমস্ত সওয়াল-জবাব শেষে বিচারক তাঁর জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
সঞ্জীব মুখোপাধ্যায়েরও জেল হেফাজত
শুধু নির্মল ঘোষই নন, একই সঙ্গে তিলোত্তমা মামলায় অভিযুক্ত সঞ্জীব মুখোপাধ্যায়কেও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর আদালত। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে ওঠা একটি তোলাবাজি মামলায় পৃথকভাবে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে, রাজনৈতিক পটপরিবর্তনের পর একের পর এক চাঞ্চল্যকর তথ্যে চরম অস্বস্তিতে অভিযুক্তরা।