তিরুপতি বালাজি দর্শনে বড় ঘোষণা! প্রবীণ ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য বিশেষ সুবিধা টিটিডি-র

অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় অবস্থিত পবিত্র তিরুমালা মন্দিরের ভক্তদের জন্য একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল তিরুপতি তিরুমালা দেবস্থানম (TTD)। ভগবান শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর দর্শনকে আরও সুগম করতে এবং ভক্তদের ভোগান্তি কমাতে টিটিডি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, এখন থেকে প্রতিদিন ১,০০০ জন প্রবীণ নাগরিক এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য বিনামূল্যে দর্শনের ব্যবস্থা করা হবে।
মন্দির কর্তৃপক্ষের স্পষ্ট নির্দেশ, ঝামেলাহীন দর্শন নিশ্চিত করতে তিন মাস আগে থেকেই অনলাইনে টিকিট বুকিং সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। টিটিডি জানিয়েছে, এই টিকিটধারী দর্শনার্থীরা ৫০ টাকা মূল্যের একটি বিশেষ প্রসাদ বা লাড্ডু পাবেন। প্রবীণ নাগরিকদের সুবিধার্থে প্রতিদিন বিকেল ৩টায় বিশেষ দর্শনের সারি বা স্পেশাল কিউ-এর মাধ্যমে তাঁদের মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
তবে এই নতুন নিয়মের পাশাপাশি টিটিডি কড়া সতর্কতা জারি করেছে। সোশ্যাল মিডিয়ায় প্রবীণ নাগরিকদের দর্শন সংক্রান্ত বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা। ভক্তদের এই ধরণের গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। টিটিডি কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে যে, দর্শনের নাম করে যদি কেউ অতিরিক্ত অর্থ দাবি করে বা দ্রুত টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়, তবে তা প্রতারণা।
সাম্প্রতিক সময়ে দেখা গেছে, একদল অসাধু দালাল শ্রীভারী দর্শন এবং থাকার ব্যবস্থা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ভক্তদের সাথে প্রতারণা করছে। এই পরিস্থিতির মোকাবিলায় টিটিডি কঠোর অবস্থান নিয়েছে। কোনো ব্যক্তি যদি দর্শন বা থাকার টিকিটের নাম করে ভক্তদের কাছ থেকে টাকা দাবি করে, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। টিটিডি জানিয়েছে, দালালদের এই চক্র ভাঙতে তারা বিশেষ নজরদারি চালাচ্ছে।
ভক্তদের সুরক্ষার স্বার্থে টিটিডি হেল্পলাইন নম্বর ১৫৫২৫৭ চালু করেছে। সন্দেহভাজন কাউকে দেখলে বা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা থাকলে সরাসরি এই নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে টিটিডি স্পষ্ট করেছে যে, কোনো প্রকার দালালের সাহায্য নেওয়ার প্রয়োজন নেই।
সঠিক তথ্যের জন্য ভক্তদের শুধুমাত্র মন্দিরের অফিসিয়াল ওয়েবসাইট www.tirumala.org এবং https://ttdevastanams.ap.in ভিজিট করার অনুরোধ করা হয়েছে। অন্য কোনো ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া পেজের তথ্যে বিশ্বাস না করতে টিটিডি বারংবার আবেদন জানিয়েছে। তাই তিরুপতি বালাজি দর্শনে আসার আগে অবশ্যই অফিসিয়াল নিয়মাবলী জেনে নিন এবং দালালের থেকে দূরে থাকুন।