তলিয়ে যাচ্ছে গ্রাম, ভেঙে পড়ল বাঁধ! প্রবল নিম্নচাপের বৃষ্টিতেই কেন নদীগ্রাসে পুরো আমতলিয়া?

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে হু হু করে বাড়ছে দক্ষিণবঙ্গের নদীগুলির জলস্তর। আর তারই মাঝে ভয়াবহ বিপর্যয় পূর্ব মেদিনীপুরের আমতলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। রসূলপুর নদীর উপচে পড়া জল ও প্রবল স্রোতে ভেঙে গেল দীর্ঘ নদীবাঁধ। এর ফলে মুহূর্তের মধ্যে নদীর নোনা জল ঢুকে প্লাবিত হলো আমতলিয়া গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম, ফিসারি ও একর একর বিঘার চাষের জমি।
নদীর প্লাবনে একের পর এক বাড়ি তলিয়ে যাওয়ার আশঙ্কায় নদীর তীরবর্তী অঞ্চলগুলি থেকে ইতিমধ্যেই বেশ কয়েকটি পরিবারকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাঁধের একাধিক জায়গায় নতুন করে ধস নামায় পুরো এলাকা জুড়ে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
এদিকে, এই প্লাবনের পেছনে প্রশাসনের উদাসীনতা ও পুরোনো দুর্নীতিকেই দায়ী করেছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান। তাঁর অভিযোগ, তৃণমূল সরকারের আমলে এই এলাকায় নদীবাঁধ সংস্কারের পরিকল্পনা ও উদ্যোগ নেওয়া সত্ত্বেও তা বাস্তবে কার্যকর করা হয়নি। তৎকালীন সময়ে বাঁধ মেরামতের কাজ ফেলে রাখার কারণেই আজ সামান্য নিম্নচাপের বৃষ্টিতেই রসূলপুর নদীর জল বেড়ে বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকল।
ইতিমধ্যেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য ব্লক উন্নয়ন আধিকারিকের (BDO) দ্বারস্থ হয়েছেন পঞ্চায়েত প্রধান। তবে টানা বর্ষণ বজায় থাকলে নদীবাঁধের আরও কয়েকটি অংশ ধসে গিয়ে নতুন করে আরও বহু এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন সাধারণ গ্রামবাসীরা।