ড্রোন ও মিসাইল রুখতে মহাপ্রস্তুতি! সীমান্তে নয়া ‘এয়ার ডিফেন্স গান’ মোতায়েন করছে ভারতীয় সেনা

যুদ্ধবিমান, ক্রুজ মিসাইল কিংবা ড্রোনের ঝাঁক—আকাশপথে আসা যেকোনো বিপদ মোকাবিলায় এবার কোমর বাঁধছে ভারতীয় সেনা। অত্যাধুনিক ‘নিউ জেনারেশন এয়ার ডিফেন্স গান সিস্টেম’ (ADG-NG) এবং এর গোলাবারুদ কেনার প্রক্রিয়া শুরু করল প্রতিরক্ষা মন্ত্রক। সেনার পক্ষ থেকে এর জন্য একটি ‘রিকোয়েস্ট ফর ইনফরমেশন’ (RFI) জারি করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রকের শর্ত অনুযায়ী, এই সিস্টেমের অন্তত ৫০ শতাংশ দেশীয় প্রযুক্তিতে তৈরি হতে হবে। আধুনিক যুদ্ধে রাডারকে ফাঁকি দেওয়া ছোট ড্রোনের বিপদ থেকে বাঁচতেই এই বিশেষ উদ্যোগ। বিশেষ করে পশ্চিম সীমান্তে ‘অপারেশন সিঁদুর’-এর তিক্ত অভিজ্ঞতার কথা মাথায় রেখেই নজরদারি ও হামলা রুখতে এই সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

এই নতুন বন্দুকটি গাড়ির ওপর বসানো যাবে এবং দিন-রাত যেকোনো সময় স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তু খুঁজে ধ্বংস করতে পারবে। এর রেঞ্জ হবে ৪০০০ মিটার এবং এটি সেকেন্ডে ৫০০ মিটার গতিতে আসা টার্গেটকেও নিখুঁত নিশানা করতে সক্ষম। প্রতি মিনিটে ৩০০ রাউন্ড ফায়ারিং ক্ষমতা সম্পন্ন এই সিস্টেমটি স্মার্ট প্রোগ্রামেবল গোলাবারুদ ছুড়তে পারবে। সরবরাহকারী সংস্থাগুলিকে আগামী ১১ জুনের মধ্যে বিস্তারিত তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy