ডোমকলে ভয়াবহ বাইক দুর্ঘটনা, রাতে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ! দোষ কার, তদন্ত শুরু করল পুলিশ

আইনত ১৮ বছর বয়স হওয়ার আগেই মোটরবাইক চালানোর ফল যে কত ভয়াবহ হতে পারে, তা ফের প্রমাণিত হলো মুর্শিদাবাদে। দ্রুত গতিতে বাইক চালানোর কারণে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারাল মাত্র ১৫ বছরের এক নাবালক। শুক্রবার রাতে মুর্শিদাবাদের সাগরপাড়ার খয়রামারি সেনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা গেছে, মৃত নাবালকের নাম মুকুল ইসলাম ওরফে রাশিকুল। তাঁর বয়স ১৫ বছর। শুক্রবার রাতে বাইকে চেপে খয়রামারি এলাকার বাড়ি থেকে ভাদুরিয়াপাড়া এলাকায় মামার বাড়ি যাচ্ছিল সে। অন্যদিকে ডোমকলের দুই ব্যক্তি মানারুল খান ও সামসুজ্জোহা মিঞা ডোমকল থেকে সাগরপাড়ার দিকে যাচ্ছিলেন।
স্থানীয় সূত্রে খবর, সেনপাড়া এলাকায় আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাইকের মধ্যে সজোরে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার বিকট আওয়াজ শুনে দ্রুত ছুটে আসেন স্থানীয়রা।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুকুল ইসলামকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর আহত মানারুল খান ও সামসুজ্জোহা মিঞার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছয় সাগরপাড়া থানার পুলিশ। হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ডোমকল থানার পুলিশ। পুলিশ ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। শনিবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। বেআইনিভাবে নাবালকের মোটরবাইক চালানো এবং এই মর্মান্তিক ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।