ট্রোলিংয়ের শিকার জয়তী চক্রবর্তী, কটাক্ষের শিকার হয়েও নিজেকেই কাঠগড়ায় তুললেন কেন?

খ্যাতনামা সঙ্গীতশিল্পী জয়তী চক্রবর্তী সম্প্রতি এক পডকাস্টে তার জীবনের এক তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তার মায়াবী কণ্ঠে গান গেয়ে যিনি অসংখ্য শ্রোতার মন জয় করেছেন, তাকেই শুনতে হয়েছে চরম অপমান।
জয়তী জানান, একজন সঙ্গীতানুরাগী সোশ্যাল মিডিয়ায় তাকে ট্যাগ করে ‘সখী ভাবনা কাহারে বলে’ গানটি গেয়ে তার মতামত জানতে চেয়েছিলেন। জয়তী কোনো রাখঢাক না করে সেই গানের ত্রুটিগুলো ধরিয়ে দিয়েছিলেন। আর এতেই ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তি জয়তীকে নিয়ে ট্রোল করতে শুরু করেন। তাকে উদ্দেশ্য করে লেখা হয়, “বনমালী তুমি পর জনমে হইও গাধী”।
এই ঘটনার পর জয়তী বলেন, “আমার ভুল হয়েছিল। আমি বুঝতে পারি যে আমি বিশ্বাস করে সহজে সত্যি কথাটা বলেছিলাম।” তিনি আরও বলেন, হয়তো সবার সামনে ভুল ধরিয়ে দেওয়ায় ওই ব্যক্তি অপমানিত বোধ করেছেন।
এতটা অপমানিত হয়েও জয়তী কিন্তু সেই ব্যক্তিকে দোষারোপ করেননি। উল্টে তিনি নিজের ভুল স্বীকার করে বলেন, “এটা আমার অবিবেচনা। আমার হয়তো তাঁকে কথাটা ব্যক্তিগতভাবে বলা উচিত ছিল। আমি নিশ্চয়ই তাঁকে দুঃখ দিয়েছি, তা না হলে এতখানি ক্রোধের জায়গা তৈরি হত না।”
জয়তীর এই প্রতিক্রিয়া তার অনুরাগীদের মন জয় করে নিয়েছে। তার ভক্তরা বলেছেন, প্রকাশ্যে মতামত চাইলে তা শোনার মানসিকতাও থাকতে হবে। যদিও কিছু মানুষ মনে করেন, শিল্পীদের অপমান করা এখন জল-ভাতে পরিণত হয়েছে। জয়তী চক্রবর্তী আধুনিক বাংলা গানের একজন আইকন এবং এই ধরনের ঘটনা তার মতো একজন শিল্পীর জন্য দুঃখজনক।