ট্রাম্প নোবেল না পাওয়ায় ফিফার পাল্টা চাল! আসছে ‘ফিফা শান্তি পুরস্কার’, বিতর্কের মুখে ইনফান্তিনো

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে এক যুগান্তকারী অথচ বিতর্কিত ঘোষণা করল ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা জানিয়েছে, তারা একটি নতুন ‘ফিফা শান্তি পুরস্কার’ (FIFA Peace Award) চালু করতে চলেছে। এই পুরস্কারের প্রথম সংস্করণ আগামী মাসে ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে চলা ২০২৬ বিশ্বকাপের ফাইনাল ড্র অনুষ্ঠানে প্রদান করা হবে।

এই ঘোষণাটি করা হয় মায়ামিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মঞ্চে উপস্থিত থাকার সময়। জানা গেছে, ট্রাম্প এবার নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় ফিফা এই নতুন পদক্ষেপ নিয়েছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধুত্বের সুবাদে এই অ্যাওয়ার্ডটি আনা হয়েছে বলে ফুটবল মহলে জল্পনা।

ফিফার গভর্নিং বডি বুধবার নিশ্চিত করেছে যে, ‘ফিফা শান্তি পুরস্কার’ শান্তির জন্য অসাধারণ কাজকে স্বীকৃতি দেবে। ইনফান্তিনো এই প্রসঙ্গে বলেন, “এই অস্থির এবং বিভক্ত বিশ্বে যারা সংঘাতের অবসান ও শান্তির জন্য কাজ করছেন, তাদের কাজকে স্বীকৃতি দেওয়া অপরিহার্য একটি বিষয়।” ফিফা জানিয়েছে, এই পুরস্কারটি প্রতি বছর বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের জন্য আয়োজন করা হবে।

ট্রাম্প-ফিফা সম্পর্কের আরও ইঙ্গিত:

গত মাসে ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় বিষয়টি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে ছিল। এর মধ্যেই ফিফার এই ঘোষণা ট্রাম্প-ফিফা সম্পর্কের দিকে ইঙ্গিত করছে। এর আগেও, ২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ থেকে ১০০ মিলিয়ন ডলারের একটি শিক্ষা প্রকল্পের বোর্ডে ট্রাম্পের কন্যা ইভাঙ্কাকে নিয়োগ করা হয়েছিল, যা দুই পক্ষের ঘনিষ্ঠতা প্রমাণ করে। তবে আপাতত নিশ্চিত যে, নতুন বিশ্বকাপ থেকেই এই আন্তর্জাতিক শান্তি পুরস্কারের যাত্রা শুরু হচ্ছে।