ট্রাম্পের ‘নোবেল লোভেই’ ভারত-মার্কিন সম্পর্কে ফাটল, বিস্ফোরক মন্তব্য মার্কিন আইনপ্রণেতার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপের কারণে ভারত-মার্কিন সম্পর্ক ঝুঁকিতে পড়েছে। এমনটাই মনে করছেন বিশিষ্ট মার্কিন আইন প্রণেতা ও প্রাক্তন শীর্ষ কর্মকর্তারা। তারা সতর্ক করে বলেছেন, ট্রাম্পের অহংকার যেন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক নষ্ট না করে।

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেস সদস্য রো খান্না এক বিস্ফোরক মন্তব্যে বলেছেন, ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করার জন্য ট্রাম্পের কর্মকাণ্ড অত্যন্ত বিপজ্জনক। তিনি জানান, এর প্রধান কারণ হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করতে রাজি হননি। অথচ, পাকিস্তান ইতিমধ্যেই ট্রাম্পের নাম প্রস্তাব করেছে।

খান্না বলেন, “আমরা ডোনাল্ড ট্রাম্পের অহংকারের কারণে ভারতের সঙ্গে আমাদের কৌশলগত সম্পর্ক ধ্বংস হতে দিতে পারি না। যারা ট্রাম্পকে ভোট দিয়েছেন, সেই সমস্ত ভারতীয়-আমেরিকানদের আমি জিজ্ঞাসা করছি, তিনি যখন এই সম্পর্ক নষ্ট করছেন, তখন আপনারা কোথায়?”

ট্রাম্পের নীতি ভারতকে চীন-রাশিয়ার দিকে ঠেলে দিচ্ছে

রো খান্না আরও অভিযোগ করেন, মার্কিন-ভারত জোটকে শক্তিশালী করার জন্য গত ৩০ বছরের প্রচেষ্টা ট্রাম্প নষ্ট করে দিয়েছেন। তার মতে, ট্রাম্পের নীতি ভারতকে চীন ও রাশিয়ার দিকে ঠেলে দিচ্ছে, যা আমেরিকার জন্য একটি বড় ধাক্কা। তিনি বলেন, ব্রাজিলের পর ভারতের ওপরই সবচেয়ে বেশি শুল্ক আরোপ করা হয়েছে, যা চীনের চেয়েও বেশি। এই শুল্কের কারণে ভারতের চামড়া ও বস্ত্র রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এই সমালোচনা এমন সময়ে সামনে এলো, যখন প্রধানমন্ত্রী মোদি চীনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন এবং সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন। এর আগে ট্রাম্প ভারতের ওপর শুল্ক আরোপ এবং রাশিয়ার কাছ থেকে তেল কেনার বিষয়ে মন্তব্য করে ব্যাপক সমালোচিত হয়েছিলেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy