মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিতর্কিত সিদ্ধান্তে ভারতীয় ওষুধ শিল্পে বড়সড় রদবদলের সম্ভাবনা তৈরি হয়েছে। জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং বিদেশি নির্ভরতা কমাতে পেটেন্ট করা ওষুধ আমদানির ওপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করেছে হোয়াইট হাউস। তবে ভারতের জন্য বড় স্বস্তির খবর হলো, জেনেরিক ওষুধকে আপাতত এই চড়া শুল্কের আওতার বাইরে রাখা হয়েছে। বিশ্বজুড়ে জেনেরিক ওষুধের বাজারে ভারতীয় কোম্পানিগুলোর একাধিপত্য থাকায় স্বল্পমেয়াদে বড় ক্ষতির আশঙ্কা নেই।
তবে দীর্ঘমেয়াদে ছবিটা বেশ উদ্বেগের। মার্কিন প্রশাসনের নতুন নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে ধাপে ধাপে এই শুল্ক কার্যকর হবে। যে সমস্ত কোম্পানি তাদের উৎপাদন আমেরিকায় ফিরিয়ে আনবে না, তাদের পেটেন্টযুক্ত ওষুধের ওপর এই ১০০% কর চাপানো হবে। এর ফলে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (API) এবং কন্ট্র্যাক্ট ম্যানুফ্যাকচারিংয়ের সঙ্গে যুক্ত ভারতীয় সংস্থাগুলো বিনিয়োগ হারানোর ঝুঁকিতে পড়তে পারে। ট্রাম্পের স্পষ্ট বার্তা, ক্যান্সার বা বিরল রোগের মতো জীবনদায়ী ওষুধের জন্য আমেরিকা আর বিদেশের ওপর নির্ভরশীল থাকতে চায় না।





