ট্রাম্পের ডান হাতে রহস্যময় ব্যান্ডেজ! হঠাৎ অসুস্থ মার্কিন প্রেসিডেন্ট? অবশেষে মুখ খুলল হোয়াইট হাউস

গত কয়েকদিন ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) প্রায় প্রতিটি ছবিতে তাঁর ডান হাতে ব্যান্ডেজ দেখা যাওয়ায় নানা গুঞ্জন তৈরি হয়েছে। বছর ঘুরলেই যিনি ৮০-তে পা দিতে চলেছেন, তার আগেই প্রেসিডেন্টের শারীরিক অসুস্থতা নিয়ে জল্পনা বাড়তে থাকায় অবশেষে মুখ খুলল হোয়াইট হাউস।

বৃহস্পতিবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিটকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি এর ব্যাখ্যা দেন।

করমর্দন না ওষুধ?

মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, প্রেসিডেন্টকে গোটা দিনে অসংখ্য মানুষের সঙ্গে কথা বলতে হয় এবং নানা কাজে তাঁকে টানা করমর্দন করে যেতে হয়। লেভিটের দাবি, ঘনঘন এই করমর্দনের কারণেই ওই ব্যান্ডেজ ব্যবহার করা হচ্ছে।

তবে কেবল একটি যুক্তি দিয়েই থেমে থাকেননি ক্যারোলিন। তিনি আরও দাবি করেন, ট্রাম্প অ্যাসপিরিন জাতীয় ওষুধ সেবন করেন। হোয়াইট হাউস আগেই তাঁর অসুস্থতা নিয়ে মেডিক্যাল রিপোর্ট প্রকাশ করেছিল। লেভিট জানান, “সেই সব ওষুধের প্রতিক্রিয়ার ফলেই ওনার শরীরে একাধিক কালশিটে দাগ তৈরি হয়।” সেই কারণেই ব্যান্ডেজ ব্যবহার করা হতে পারে।

বয়সের কারণে জল্পনা

প্রেসিডেন্ট নির্বাচন পর্বে ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রতিপক্ষ জো বাইডেনকে ‘বৃদ্ধ’ বলে বারবার কটাক্ষ করেছিলেন। বাইডেনের শারীরিক অসুস্থতা এবং অক্ষমতাগুলিকে নিজের প্রচারের হাতিয়ার হিসাবে ব্যবহার করে তিনি দাবি করেছিলেন, বাইডেন দেশের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত নন। কিন্তু বছর ঘুরতেই সেই ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অসুস্থতা নিয়েই গুঞ্জন তৈরি হওয়ায় পরিস্থিতি পাল্টেছে।

সম্প্রতি বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প যখন আমেরিকার সুদের হার নিয়ে কথা বলছিলেন, তখন তাঁকে বেশ কয়েকবার খেই হারিয়ে ফেলতে দেখা যায়। এর পরেই তাঁর স্বাস্থ্য নিয়ে জল্পনা মাথা চাড়া দেয়। আর সেই জল্পনাকে তুঙ্গে তোলে তাঁর ডান হাতে থাকা রহস্যময় ব্যান্ডেজটি।