ট্রাম্পের ট্যারিফ, H1B-এর পরে এবার গ্রিন কার্ডেও ভারতীয়দের কোপ! ২০২৮ পর্যন্ত ডাইভারসিটি ভিসা লটারিতে নিষিদ্ধ ঘোষণা

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ট্যারিফ এবং H1B ভিসা সংক্রান্ত কড়াকড়ির পর এবার ডাইভারসিটি ভিসা (Diversity Visa – DV) লটারির মাধ্যমে স্থায়ী মার্কিন অভিবাসনের ক্ষেত্রেও ভারতীয়দের উপর বড় কোপ পড়ল। ২০২৮ সাল পর্যন্ত ইউনাইটেড স্টেটস ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারিতে অংশগ্রহণ করার ক্ষেত্রে ভারতীয়দের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এই জনপ্রিয় ভিসা প্রোগ্রামটির মাধ্যমে প্রতি বছর ৫০,০০০ অভিবাসী ভিসা পাওয়ার সুযোগ পান। এই প্রোগ্রাম এমন দেশগুলোর ব্যক্তিদের লটারির মাধ্যমে ভিসা দেয়, যেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসনের হার কম।

কেন নিষিদ্ধ হলো ভারত?
মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (USCIS) অনুসারে, ডিভি লটারি সেইসব দেশের নাগরিকদেরই অনুমতি দেয় যারা গত পাঁচ বছরে ৫০,০০০ এরও কম অভিবাসীকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে।

Moneycontrol.com এর একটি প্রতিবেদন অনুসারে, উচ্চ অভিবাসন সংখ্যার কারণে ভারত এই নির্ধারিত সীমা অতিক্রম করে ফেলেছে।

ফলে, উচ্চ অভিবাসন হার যুক্ত দেশ হিসেবে ভারতকে ডিভি লটারির জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে।

ভারত ছাড়াও ২০২৬ সালের লটারি থেকে বাদ পড়া দেশগুলির মধ্যে রয়েছে চিন, দক্ষিণ কোরিয়া, কানাডা এবং পাকিস্তান।

স্থায়ী অভিবাসনের পথ আরও কঠিন
ভারতীয়দের জন্য গ্রিন কার্ড লটারি বন্ধ হওয়ায়, স্থায়ী মার্কিন অভিবাসনের পথ ক্রমশ দুষ্প্রাপ্য হয়ে উঠছে। ডিভি লটারি বন্ধ হওয়ায় স্থায়ী মার্কিন অভিবাসনের জন্য ভারতীয়দের এখন আরও কঠিন পথে হাঁটতে হবে। বিকল্পগুলির মধ্যে রয়েছে:

H-1B ওয়ার্ক ভিসাকে স্থায়ী বসবাসের ভিসায় স্থানান্তর করা।

বিনিয়োগ-ভিত্তিক অভিবাসন (যেমন EB-5 ভিসা)।

আশ্রয় (Asylum)।

পারিবারিক স্পনসরশিপের মাধ্যমে স্থানান্তর।