ট্রাম্পের কড়া অবরোধে দিশাহারা ইরান! বেরোতে পারল না ‘রিচ স্টারি’, মাঝপথেই ঘুরল অভিমুখ

ইরানি বন্দরগুলির ওপর আমেরিকার নজিরবিহীন নৌ-অবরোধের মুখে পড়ে পিছু হটল বিতর্কিত চিনা জাহাজ ‘রিচ স্টারি’। বুধবার পারস্য উপসাগর থেকে বেরিয়ে আসার চেষ্টা করলেও মার্কিন নজরদারি এড়াতে না পেরে ফের হরমুজ প্রণালীতে ফিরে যেতে বাধ্য হয় জাহাজটি। গত রবিবার ইসলামাবাদে ইরান ও আমেরিকার শান্তি বৈঠক ভেস্তে যাওয়ার পরই প্রেসিডেন্ট ট্রাম্প এই কড়া অবরোধের ঘোষণা করেন। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, অবরোধের প্রথম ২৪ ঘণ্টায় অন্তত ৬টি জাহাজকে পথ বদলে ইরানি বন্দরে ফিরতে বাধ্য করা হয়েছে।

অবরোধের প্রথম দিনে যে আটটি জাহাজ ওই জলপথ অতিক্রমের চেষ্টা করেছিল, আড়াই লক্ষ ব্যারেল মিথানলবাহী চিনা জাহাজ ‘রিচ স্টারি’ ছিল তাদের অন্যতম। জাহাজটির মালিক সংস্থা ‘সাংহাই জুয়ানরুন শিপিং’-এর ওপর আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞা ছিল। ওমান উপসাগরের চাবাহার বন্দর থেকে বেরোনোর সময় দু’টি তেলবাহী ট্যাঙ্কারকেও আটকে দেয় আমেরিকার যুদ্ধজাহাজ। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগে যেখানে রোজ ১৩০টির বেশি জাহাজ যাতায়াত করত, আজ সেখানে শ্মশানের নিস্তব্ধতা। এই নজিরবিহীন পদক্ষেপে আন্তর্জাতিক তেল ও জাহাজ সংস্থাগুলির মধ্যে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy