ধুরন্ধর’ ছবির সুপারহিট গান ‘শারারত’ দিয়ে সম্প্রতি নেটদুনিয়ায় ঝড় তুলেছিলেন তিনি। কিন্তু সেই জনপ্রিয়তায় এবার বড়সড় ধাক্কা খেলেন গায়িকা জ্যাসমিন সন্ডলাস। আমদাবাদের একটি লাইভ শো-তে তাঁর অদ্ভুত আচরণ এবং ‘প্রতারণা’র অভিযোগ ঘিরে এখন উত্তাল সোশ্যাল মিডিয়া।
মঞ্চে দাঁড়িয়েই গায়ে জল!
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একটি জমকালো লেহেঙ্গা-চোলি পরে পারফর্ম করছিলেন জ্যাসমিন। কিন্তু গান শুরুর আগেই হঠাৎ একটি জলের বোতল নিয়ে নিজের মাথা ও সারা শরীরে ঢালতে শুরু করেন তিনি। ভিজে শরীরে এরপর শুরু করেন নাচের ‘হুক স্টেপ’। গায়িকার এমন ‘উদ্ভট’ অঙ্গভঙ্গি দেখে হতবাক হয়ে যান উপস্থিত দর্শকদের একাংশ। অনেকেই একে ‘অশ্লীলতা’ বলে দাগিয়ে দিয়েছেন।
ধরা পড়ল ‘লিপ সিঙ্ক’ জালিয়াতি
তবে বিতর্ক শুধু জল ঢালাতেই সীমাবদ্ধ থাকেনি। নেটিজেনরা ওই ভিডিওতে একটি মারাত্মক বিষয় লক্ষ্য করেছেন। দেখা যাচ্ছে, জ্যাসমিন যখন মুখ থেকে মাইক অনেকটা সরিয়ে নিয়েছেন, তখনও ব্যাকগ্রাউন্ডে তাঁর গলার গান বেজেই চলেছে! এর থেকেই পরিষ্কার হয়ে যায় যে, ‘লাইভ কনসার্ট’ বলা হলেও জ্যাসমিন আসলে গান গাইছিলেন না, বরং আগে থেকে রেকর্ড করা ট্র্যাকের সাথে ঠোঁট মেলাচ্ছিলেন (Lip Sync)।
ক্ষোভে ফুঁসছে ভক্তরা
হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে লাইভ গান শুনতে গিয়ে এমন জালিয়াতির শিকার হওয়া মেনে নিতে পারছেন না শ্রোতারা। ভিডিওর কমেন্ট বক্সে ক্ষোভ উগরে দিয়ে একজন লিখেছেন, “লাইভ শো-র নামে এসব নোংরামি বন্ধ হওয়া উচিত।” অন্য একজন কটাক্ষ করে লিখেছেন, “এঁরা শিল্পী নন, স্রেফ ভাঁড়ামোর মাধ্যমে টাকা রোজগার করতে আসেন।”
এক নজরে জ্যাসমিন সন্ডলাস
পাঞ্জাবের জলন্ধরে জন্ম হলেও ক্যালিফোর্নিয়ায় বেড়ে ওঠা জ্যাসমিনের। ২০১৪ সালে সালমান খানের ‘কিক’ ছবিতে ‘ইয়ার না মিলে’ গেয়ে রাতারাতি জনপ্রিয় হন তিনি। এরপর ‘ধুরন্ধর’ ছবির ‘শারারত’, ‘আড়ি আড়ি’র মতো একাধিক হিট গান উপহার দিলেও, আমদাবাদের এই ঘটনা তাঁর কেরিয়ারে বড়সড় বিতর্কের কালো ছায়া ফেলল।





