টালবাহানা নয়, এবার ২০% বোনাস চাই! পুজোর আগে আন্দোলন আরও জোরদার হচ্ছে চা শ্রমিকদের

রাজ্যজুড়ে যখন উৎসবের আবহ, তখনো চা বাগানের হাজার হাজার শ্রমিকের হাতে পুজোর বোনাস এসে পৌঁছায়নি। এরই প্রতিবাদে এবার ২০% বোনাসের দাবিতে আন্দোলনে নেমেছেন চা শ্রমিকরা। বুধবার নকশালবাড়িতে এই আন্দোলন দেখা যায়, যেখানে শ্রমিকরা তাদের দাবি পূরণের জন্য বিক্ষোভ দেখিয়েছেন।
সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও, বিভিন্ন চা বাগানে পুজোর বোনাস দিতে টালবাহানা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। নকশালবাড়ির অটল চা বাগানের সাতভাইয়া ডিভিশনে বোনাস না পেয়ে প্রায় ৫০০ জন শ্রমিক কাজ বন্ধ করে দিয়ে অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছেন।
শ্রমিকদের অভিযোগ, পুজোর মাত্র দু’দিন বাকি থাকলেও কর্তৃপক্ষ বোনাস দিচ্ছে না। মালিকপক্ষ প্রথমে ১৫% বোনাস এবং বাকি ৫% পরে দেওয়ার প্রস্তাব দিলেও শ্রমিকরা তা মানতে রাজি হননি। শ্রমিকরা হুঁশিয়ারি দিয়েছেন যে, পুজোর আগে বোনাস না পেলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন। একইসাথে তাদের আরও অভিযোগ, চা বাগান কর্তৃপক্ষ আগে থেকেই তাদের মজুরিও বাকি রেখেছে।