“টার্গেট ছিল অন্য কেউ, গুলি খেল নবম শ্রেণির ছাত্র!” খড়গপুরে দুষ্কৃতী তাণ্ডবে চাঞ্চল্য

দিনের আলোয় খড়গপুর শহরে ঘটা এক রক্তক্ষয়ী ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মাস্ক পরা অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বাইকের তাড়ার মুখে পড়ে গুলিবিদ্ধ হলো নবম শ্রেণির এক ছাত্র। আহত কিশোরের বুকের বাঁদিকে গুলি লেগেছে এবং তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে ইতিমধ্যেই কলকাতার এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তবে স্থানীয় কাউন্সিলরের দাবি, দুষ্কৃতীদের মূল টার্গেট ছিল অন্য এক কিশোর, আর তাতেই এই মারাত্মক দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বেলা এগারোটা নাগাদ খড়গপুর শহরের ওল্ড সেটেলমেন্ট এলাকার গীতাঞ্জলি হলের কাছে নবম শ্রেণির দুই ছাত্র অক্ষয় ঝাঁ এবং সাগর কুমার স্কুটি করে টিফিন করতে বেরিয়েছিল। ঠিক সেই সময়ই একটি নম্বরপ্লেটহীন বাইকে চেপে দুই মাস্ক পরা দুষ্কৃতী তাদের ধাওয়া করে। অভিযোগ, তাদের লক্ষ্য করে পরপর দুটি গুলি চালায় দুষ্কৃতীরা। প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হলেও দ্বিতীয় গুলিটি সোজা গিয়ে লাগে অক্ষয়ের বুকের বাঁদিকে।

গুলি লাগার সঙ্গে সঙ্গেই স্কুটি থেকে ছিটকে মাটিতে লুটিয়ে পড়ে অক্ষয়। এরপর স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে আসায় দুষ্কৃতীরা সেখান থেকে চম্পট দেয়। স্থানীয়রাই প্রথমে তাকে উদ্ধার করে খড়গপুর রেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে অবস্থার মারাত্মক অবনতি হওয়ায় তাকে দ্রুত কলকাতায় স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘটনা প্রসঙ্গে খড়গপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডি বসন্তী চাঞ্চল্যকর দাবি করে জানান, “টার্গেট এই ছেলেটি (অক্ষয়) ছিল না। ওর সঙ্গে থাকা সাগর কুমারকে টার্গেট করা হয়েছিল। সাগরের বাবাকেও কয়েক বছর আগে গুলি করে খুন করা হয়েছিল। এবার ওঁর ছেলেকে লক্ষ্য করা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত গুলিটি অক্ষয়ের গায়ে লেগে যায়।”

খড়গপুর টাউন থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের ব্যবহৃত বাইকটির কোনো নম্বর প্লেট না থাকায় আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, অক্ষয়ের সঙ্গে থাকা সাগর কুমার এবং অন্য প্রত্যক্ষদর্শীদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।