“আমার লক্ষ্য একশ এফআইআর!” পুলিশের বিরুদ্ধে তোপ দেগে হুংকার ছাড়লেন রাহুল গান্ধী

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় রাজধানী। মঙ্গলবার দীর্ঘক্ষণ বিক্ষোভ ও পুলিশের আটকের পরদিন বুধবার আরও চড়া সুরে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিল বিরোধী ‘ইন্ডিয়া’ (INDIA) জোট। আর এই গোটা পরিস্থিতিতে তাঁদের নামে দায়ের হওয়া পুলিশের এফআইআর (FIR) নিয়ে আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক মেজাজে ধরা দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার দিল্লির জনপথের ‘সাগর রত্ন’ রেস্তোরাঁয় বিরোধী জোটের শরিক দলগুলির সাংসদদের নিয়ে একটি বিশেষ মধ্যাহ্নভোজ ও রণকৌশল বৈঠকের আয়োজন করা হয়েছিল। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের আমন্ত্রণে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন জোটের প্রায় তিন শতাধিক সংসদ সদস্য।

বৈঠক শেষে এদিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান মল্লিকার্জুন খাড়গে। তিনি অভিযোগ করেন, দেশে গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে এবং বিরোধীরা এই ‘ভোট চুরি’ ও অনিয়মের প্রতিবাদে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছবে। মধ্যাহ্নভোজ ও আলোচনা পর্ব শেষ হওয়ার পরেই সমস্ত সংসদ সদস্য একসঙ্গে মিছিল করে যন্তরমন্তরের উদ্দেশে রওনা দেন।

তবে গতদিনের মতো আজও তাঁদের পথ আটকানোর জন্য প্রস্তুতি নিয়েছিল দিল্লি পুলিশ। মাঝপথেই ব্যারিকেড বসিয়ে বিরোধী সাংসদদের আটকে দেওয়া হয়। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধী দলগুলির এই লাগাতার আন্দোলন ও ধরপাকড়ের জেরে রাজধানীর রাজনৈতিক উষ্ণতা যে আগামী দিনে আরও বাড়বে, তা বলাই বাহুল্য।