টায়ারহীন রিং বের করা গাড়িতে নিউটাউনে মদ্যপ যুবকদের তাণ্ডব, ধাওয়া করে পাকড়াও করল ট্রাফিক পুলিশ!

নিউটাউনের রাস্তায় সাতসকালে মদ্যপ যুবকদের চার চাকা গাড়ি নিয়ে বেপরোয়া দাপাদাপি ও তাণ্ডবের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শেষ পর্যন্ত ট্রাফিক পুলিশের চরম তৎপরতায় ধাওয়া করে গাড়িটিকে আটক করা হয় এবং গ্রেফতার করা হয় তিন মদ্যপ যুবককে।
পুলিশ সূত্রে প্রাপ্ত খবরে জানা গিয়েছে, ফুলবাগানের বাসিন্দা তিন যুবক একটি চার চাকা গাড়ি নিয়ে নিউটাউন বিশ্ববাংলা সরণির বিভিন্ন প্রান্তে তীব্র গতিতে মদ্যপ অবস্থায় দাপিয়ে বেড়াচ্ছিল। ভোরবেলার দিকে কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীদের নজরে আসে যে, একটি প্রাইভেট গাড়ি অত্যন্ত বেপরোয়া ও বিপজ্জনকভাবে চালানো হচ্ছে। পুলিশ লক্ষ্য করে যে গাড়িটির কোনো টায়ার নেই, কেবল রিং বেরিয়ে রয়েছে এবং সেই অবস্থাতেই বিপজ্জনকভাবে গাড়িটি ছোটানো হচ্ছে। শুধু তাই নয়, দেখা যায় গাড়ির সামনের অংশ সম্পূর্ণভাবে তুবড়ে গিয়েছে।
এই ভয়াবহ দৃশ্য দেখে মুহূর্তের মধ্যে কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মী নিজের স্কুটি নিয়ে সেই গাড়িটিকে ধাওয়া করেন। দীর্ঘক্ষণ ধরে ফিল্মি কায়দায় ধাওয়া করার পর অবশেষে গাড়িটিকে আটক করা সম্ভব হয়। গাড়ি থামার সঙ্গে সঙ্গেই তৎক্ষণাত গাড়ি থেকে নেমে তিন যুবক পালানোর চেষ্টা করে। কিন্তু বিশ্ববাংলা গেটের কাছে পুলিশ তাদের পিছু ধাওয়া করে হাতেনাতে ধরে ফেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত যুবকরা স্বীকার করেছে যে তারা সম্পূর্ণ মদ্যপ অবস্থায় ছিল। একাধিক জায়গায় নিয়ন্ত্রণ হারিয়ে বিভিন্ন জিনিসে ধাক্কা মারার ফলে গাড়িটির টায়ার ফেটে যায়, অথচ সেই অবস্থাতেই তারা বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে যাচ্ছিল।
ট্রাফিক পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এই মদ্যপ ড্রাইভিংয়ের জেরে রাস্তায় চলাকালীন কয়েকজন পথচারীকেও তারা ধাক্কা মেরেছে, যদিও সৌভাগ্যবশত কারোরই আঘাত গুরুতর নয়। আপাতত গাড়িটিকে পুরোপুরি বাজোপ্ত করা হয়েছে এবং ওই অভিযুক্ত মদ্যপ যুবকদের কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করছে ট্রাফিক পুলিশ।
এদিকে, অপর একটি পৃথক ও রহস্যজনক ঘটনায় রেড রোডের ঠিক মুখেই সেনাবাহিনীর ফোর্ট উইলিয়ামের ইস্ট গেটের পাঁচিল ভাঙা অবস্থায় দেখা গেছে। সকালের দিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়ায়। প্রশ্ন উঠছে, কীভাবে ভাঙল এই ঐতিহাসিক পাঁচিল? এখনও পর্যন্ত এর কোনো স্পষ্ট উত্তর মেলেনি। আশেপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে খতিয়ে দেখছে কলকাতা পুলিশ এবং ময়দান থানা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, ময়দান থেকে এসে রেড রোডে ওঠার মুখেই বাঁদিকে রাস্তার যে সাদা প্রাচীর রয়েছে, সেটি ভেঙে গেছে। ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার ফোর্ট উইলিয়ামে ঢোকার প্রধান গেটের সামনেই এই ঘটনা ঘটেছে। সেখানে একটি ভারী গাড়ির চাকার গভীর দাগও লক্ষ্য করা গেছে। এটি কি কোনো গাড়ি দুর্ঘটনার জেরে ঘটেছে নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ময়দান থানার আধিকারিকরা ঘটনাস্থলে এসে ইতিমধ্যেই গার্ডরেল দিয়ে এলাকাটি ঘিরে ফেলেছেন এবং সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন।