জুবিন গার্গের মৃত্যু দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র? সিআইডি তদন্তের নির্দেশ দিলেন অসমের মুখ্যমন্ত্রী

শনিবার, জনপ্রিয় অসমীয়া গায়ক জুবিন গার্গের অকাল মৃত্যুতে অসম সহ সারা ভারতে শোকের ছায়া নেমে এসেছে। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় দুর্ঘটনার কারণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে এই ঘটনাটিকে কেবল দুর্ঘটনা মানতে নারাজ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জুবিনের মৃত্যুতে অবহেলার অভিযোগ এনেছেন এবং একাধিক এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে সবকটি এফআইআর-কে একত্রিত করে সিআইডিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী শর্মা তার অফিশিয়াল এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) পোস্ট করে জানিয়েছেন, জুবিনের মৃত্যুর সঙ্গে জড়িত হিসেবে সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভালের আয়োজক স্যামকানু মাহান্তা এবং জুবিনের ব্যক্তিগত ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করা হয়েছে। তিনি অসম পুলিশকে এ বিষয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।

মরিগাঁও থানায় আইনজীবী রতুল বোরা একটি অবহেলার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। জুবিন ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালে অংশ নিতে গিয়ে স্কুবা ডাইভিংয়ের সময় অজ্ঞান হয়ে পড়েন। তাকে একটি ইয়টে করে নিয়ে যাওয়া হয়েছিল, যা ফেস্টিভালের অফিসিয়াল টিমের জানা ছিল না। দ্বিতীয়বার সাঁতার কাটার সময় তিনি খিঁচুনি খান এবং হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

জুবিন গার্গ শুধু অসমের নন, ভারতের একজন সাংস্কৃতিক আইকন ছিলেন। তিনি অসমীয়া, বাংলা, হিন্দি সহ ৪০টিরও বেশি ভাষায় গান গেয়েছেন। তার জনপ্রিয় গান ‘ইয়া আলি’ তাকে সারা দেশে পরিচিতি এনে দিয়েছিল। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ বহু রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, “জুবিনের সঙ্গীত সকলের মনে থাকবে।”

অসমের মুখ্যমন্ত্রী শর্মা সিঙ্গাপুরের হাই কমিশনার সাইমন ওয়াং-এর সঙ্গেও কথা বলেছেন এবং এই ঘটনার বিস্তারিত তদন্তের জন্য অনুরোধ করেছেন। সিঙ্গাপুরের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।