হাত বাঁধা অবস্থায় গলায় ফাঁস, চা বাগানে মহিলা চা শ্রমিকের রহস্য মৃত্যু! তদন্তে জোর পুলিশের

উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাতৃ টি এস্টেট কোম্পানির চা বাগানে এক চা শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সকালে হাত বাঁধা এবং গলায় ফাঁস দেওয়া অবস্থায় ৪০ বছর বয়সী ওই মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতার নাম কল্পনা ওরাও, এবং তার বাড়ি ওই এলাকাতেই।
শনিবার সকালে চা বাগানের কাজ করতে গিয়ে অন্য শ্রমিকরা ওই মহিলার মৃতদেহ দেখতে পান। এরপর খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় ভিড় জমে যায়। খবর পেয়ে চোপড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি ধর্ষণ করে খুন করা হতে পারে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।